সমস্যার বেড়াজালে ভোটার তালিকা হালনাগাদের কাজ
ভোটার তালিকা হালনাগাদের কাজে একটার পর একটা সমস্যা লেগেই আছে। সমস্যাগুলো হচ্ছে - মাঠ পর্যায়ের কর্মীদের ভাতা দানের বিষয়টি সঠিক সময়ে পরিশোধে অনিশ্চয়তা, আগের মত ভোটার অনুযায়ী ভাতা প্রদানের দাবি, অগ্রিম ভাতা দান, দেরিতে ভোটার তালিকা হালনাগাদে সহকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের অভাব।
নগরীর কিছু এলাকায় সরেজমিনে দেখা গেছে, বাড়ি বাড়ি যাওয়ার জন্য নিযুক্ত সহায়ক কর্মকর্তারা ইসি নির্ধারিত এককালীন পারিশ্রমিক প্রদানের সিদ্ধান্তে খুশী নন।
৪১ নং ওয়ার্ডের সহকারী নিবন্ধন কর্মকর্তা আমিনুল হক ভূঁইয়াকে প্রয়োজনীয় লোকবলের অভাবে বেশ চিন্তিত দেখা গেল। তার অধীনে ২০জন সহায়ক কর্মকর্তার মধ্যে আটজনই অসুস্থতার অজুহাতে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
শেরেবাংলা নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন্নাহার শাহীন জানালেন, তার স্কুলেরই আটজন শিক্ষিকা সহায়ক কর্মকর্তা হিসেবে কাজ করলেও তারা কেউই স্কুল থেকে ছুটি নেননি।
ভূঁইয়া বলেন, তার অধীনে নিযুক্ত সহায়ক কর্মকর্তারা কাজের উৎসাহ হারিয়ে ফেলেছেন। ইসির উচিত তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া।
হাজী আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মোহাম্মদ সোহেল মিয়াও একই ধরনের সমস্যার কথা জানালেন।
তিনি বলেন, প্রশিক্ষণ না থাকায় সহায়ক কর্মকর্তারা প্রায়ই কাজটা ঠিক মত বুঝতে পারেন না। হালনাগাদের কাজ শুক্রবার থেকে শুরু হলেও, কাজ চলছে ধীর গতিতে। এ অবস্থার উন্নতি হতে দুই থেকে তিন দিন লাগতে পারে।
স্কুল শিক্ষিকা ও সহায়ক কর্মকর্তা শহীদা বেগম বলেন, আমার এলাকায় জনগণ অশিক্ষিত ও গরীব। ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে তাদের তেমন একটা আগ্রহ নেই।
নাজমীন নাহার শহীদার একজন সহকর্মী সরাসরিই বললেন, অর্থমন্ত্রী প্রয়োজনীয় বাজেট দিতে প্রথমে অস্বীকৃতি জানানোয় এখন সময়মতো টাকা পাওয়ার ব্যাপারে আমরা ইসিকে কিভাবে বিশ্বাস করি?
তিনি বলেন, ইসির উচিত ভোটার প্রতি আমাদের অগ্রিম ভাতা দেওয়া।
অন্যান্য সহায়ক কর্মকর্তারাও একই কথা বললেন।
তারা ভাতা সময়মত পাবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।
এ ব্যাপারে ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সঠিক সময়েই তাদের টাকা পরিশোধ করা হবে। তবে অগ্রিম দেওয়ার বিষয়টি তিনি বাতিল করে দিয়ে বলেন, আমাদের এ ধরনের কোনো নিয়ম নেই।
