জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৪৭ কর্মচারির চাকরি পুনর্বহালের দাবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৪৭ জন কর্মচারি তাদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন চাকরিচ্যুত কর্মচারি তারেক মাহমুদ জামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী মো. মাইনুদ্দীন, মো. রহমান, অনিল চন্দ্র মজুমদার এবং মো. হেলাল উদ্দিন।
বক্তব্যে বলা হয়, ২০০০ সালের অক্টোবর থেকে ৫১ জন কর্মচারি ১৮ মাস কাজ করার পর কর্তৃপক্ষ অতিরিক্ত নিয়োগের কারণ দেখিয়ে তাদের চাকরিচ্যুত করে।
চাকরিচ্যুতরা এ ব্যাপারে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। কিন্তু তাদের কাছে কোনো নিয়োগপত্র না থাকায় তারা মামলায় হেরে যান। তবে মামলার রায়ে এ--ও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরবর্তিতে লোক নিয়োগের সময় তাদের কথা বিবেচনা করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই ৫১ জনের মধ্যে চার জন পরে চাকরি পায়। বিভিন্ন পর্যায়ে আরো দুহাজারের বেশি লোক নিয়োগ দেওয়া হয়। কিন্তু তাদের আর চাকরি দেওয়া হয়নি।
