জিয়া বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনে ডাকাতি: যাত্রীসহ আহত ৭
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে উপবন এক্সপ্রেসের পাঁচ নম্বর কেবিনে শনিবার ভোরে ডাকাতরা হামলা চালিয়ে ছয় যাত্রীকে আহত করে।
এ সময় এক ডাকাতও আহত হয়। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে মোবাইল সেট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত যাত্রীরা হলেন, মৌলভীবাজারের বড়জামাই গ্রামের হেলাল উদ্দিন (২৫) এবং তার বাবা আব্দুল মোতালেব, ছোট ভাই সোহেল (২০), ছোট বোন রুমানা (১৭), তিন চাচা ফারুক আহমেদ (৪০), লুৎফর রহমান (৪০) ও কেরামত আলী (৩৬)।
পুলিশ ও আহতরা জানিয়েছেন, শনিবার ভোর ৫টার দিকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট থেকে বিমানবন্দর স্টেশনের কাছে পৌঁছালে ডাকাতরা তাদের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দেখিয়ে তাদের সাথে থাকা মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। যাত্রীরা ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ডাকাতদের সবাই পালিয়ে যেতে সক্ষম হয়।
আহত যাত্রীদের মধ্যে হেলালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন এক ডাকাতকে সে চিনে ফেলে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ওই ডাকাতকে গ্রেপ্তার করে।
হেলালের পরিবারের সদস্যরা জানান, বিয়ের উদ্দেশ্যে হেলাল ঢাকায় আসছিল।
