অনিয়মের বেড়াজালে বন্দী ঢাবি শারীরিক শিক্ষা কেন্দ্রে অচলাবস্থা
কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শারীরিক শিক্ষা কেন্দ্রটি অচল হয়ে পড়েছে। ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স অনুযায়ী শিক্ষার্থীদের ৪০টি ক্লাস করার নিয়ম থাকলেও তা পালিত হচ্ছে না। অধিকাংশ শিক্ষার্থীও ক্লাসের ব্যাপারে কিছুই জানেন না।
জানা গেছে, ক্লাস করার ব্যাপারে কোন বাধ্যবাধকতা না থাকায় শিক্ষার্থীরাও আগ্রহ বোধ করেন না। ২০০৬ - ০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখনও এ সম্পর্কে কোন নোটিশও দেওয়া হয়নি।
প্রসঙ্গত, অর্ডিন্যান্স অনুযায়ী সম্মান প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ৪০টি ক্লাশ করার নিয়ম রয়েছে। সবগুলো ক্লাসে অংশগ্রহণ ছাড়া পরবর্তী কোর্স ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না।
এ ছাড়াও স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার জন্য প্রাথমিক চিকিৎসা, পয়:নিষ্কাশন ব্যবস্থা, অনুশীলন সম্পর্কিত জ্ঞান, সংক্রামক রোগ ইত্যাদি সম্পর্কে বিশেষ পাঠদানের নিয়ম রয়েছে। খেলা এবং এ্যাথলেটিক সম্পর্কে তাত্ত্বিক ক্লাস নেওয়ার বিধান থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এটিও বন্ধ রয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়াদ জানান, এ কেন্দ্রে ক্লাস করার জন্য কোন নম্বরের বিধান নেই। তাই শিক্ষার্থীরা ক্লাস করতে আগ্রহ বোধ করে না। এ ছাড়া ক্লাস করার জন্য কোন বাধ্যবাধকতাও নেই।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের ফলে এ ক্লাস সম্পর্কে কেন্দ্রে যে বাধ্যবাধকতা ছিল সে নিয়মও প্রভোস্টরা শিথিল করে দিয়েছেন। তাছাড়া কেন্দ্রটিও শিক্ষার্থীদের আগ্রহী করার জন্যে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারছে না। ফলে প্রথম বর্ষের অনেক শিক্ষার্থীই এখানে ক্লাস করার নিয়মের কথা জানে না।
এদিকে আর্থিক অসুবিধাসহ নানাবিধ আমলাতান্ত্রিক জটিলতায় থমকে রয়েছে কৃতী শিক্ষার্থী খেলোয়াড়দের পুরস্কার দেওয়ার বিষয়টি। খেলোয়াড়দের সর্বোচ্চ স্বীকৃতি হচ্ছে ‘ইউনিভার্সিটি ব্লু’। ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি, এ্যাথলেটিক ইত্যাদি খেলাসহ শিক্ষার্থীর যোগ্যতা, দক্ষতা, আচরণ এবং একাডেমিক পারফরমেন্সের ওপর নির্ভর করে দেওয়া হয় এ পুরস্কার। কিন্তু এখন এ পুরস্কার অনিয়মিত হয়ে পড়েছে। ১৯৮৬ সাল থেকে ১৯৯৯ সালের শিক্ষাবর্ষ পর্যন্ত সবগুলো পুরস্কার দেওয়া হয় ২০০১ সালের ১৫ মার্চ।
এ ব্যাপারে সূত্র জানায়, এ পুরস্কার দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা ব্যয়বহুল হওয়ায় বেশ কয়েক বছর পরপর একসঙ্গে এ পুরস্কার দেওয়া হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয় ব্লেজার এবং ক্রীড়া বৃত্তি প্রদানের ক্ষেত্রেও সেশন জট রয়েছে। খেলোয়াড়দের পারফরমেন্সের ওপর নির্ভর করে তা দেওয়া হয়।
এটি অনিয়মিত হওয়ার কারণ সম্পর্কে কেন্দ্রটির ভারপ্রাপ্ত পরিচালক শওকতুর রহমান বলেন, ভালো খেলোয়ার পাওয়া যাচ্ছে না। আর্থিক কারণে খেলোয়াড়রা এখানে খেলতে আগ্রহী হয় না। খেলোয়াড়রা এখন জাতীয় লীগে খেলতেই বেশি আগ্রহী। জাতীয় লীগে খেললে খেলোয়াড়রা যে অর্থ পান তার কাছে শারীরিক শিক্ষা কেন্দ্র প্রদত্ত অর্থ তার কাছে খুবই যৎসামান্য।
তিনি আরও বলেন, খেলোয়াড় স্বল্পতার কারণে ভবিষ্যতে ফুটবল টীম করাই এ কেন্দ্রের পক্ষে দুষ্কর হয়ে উঠবে। এছাড়াও ২০০৪ সালে ক্রিকেট বোর্ড অব বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ বন্ধ করে দেওয়ার ফলে খেলোয়াড়দের অংশগ্রহণ আরো সংকুচিত হয়ে পড়েছে।
তাছাড়া খেলোয়াড় কোটা বন্ধ করে দেওয়ার ফলে শিক্ষার্থীরা এখন আর ততটা আগ্রহী না। রাজনীতিকরণের ফলে ২০০৪ - ০৫ সেশন থেকে বন্ধ করে দেওয়া হয় এ কোটা।
ব্যায়ামাগারের মান্ধাতা আমলের যন্ত্রপাতি প্রসঙ্গে ভারপ্রাপ্ত পরিচালক বলেন, কেন্দ্রে যে বরাদ্দ দেওয়া হয় তা দিয়ে যন্ত্রপাতি মেরামত করা যায়। কিন্তু আধুনিক যন্ত্রপাতি কেনা যায় না। ফলে শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে।
তিনি জানান, শিক্ষার্থীদের এ কেন্দ্রে ক্লাশ করতে আগ্রহী করার জন্য ‘ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন’ করার চিন্তা-ভাবনা রয়েছে।
স্পোর্টস বোর্ডের সদস্য উপ - উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বিডিনিউজকে বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্র যদি এ ধরনের প্রস্তাবনা আনে তাহলে তা অবশ্যই বিবেচনা করে দেখা হবে।
