চট্টগ্রাম মেডিক্যাল কলেজে মরদেহ চুরি: তদন্ত কমিটি গঠিত, ৩ কর্মচারি সাময়িক বরখাস্ত
মরদেহ ও ভিসেরা চুরির দায়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (সিএমসি) অ্যানাটমি বিভাগের তিন কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে সিএমসি কর্তৃপক্ষ পঞ্চশীলা থানায় মামলা দায়ের করেছে। এছাড়া ঘটনা তদন্তে ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান ভূঁইয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
যদিও কলেজ কর্তৃপক্ষ সুরক্ষিত অ্যানাটমি বিভাগ থেকে ১০টি মরদেহ, ভিসেরা, পেস্টার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির কোনো ক্লু এখনো উদ্ধার করতে পারেনি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইমরান বিন ইউনুস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরো বলেন, অ্যানাটমি বিভাগের প্রধানকে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে।
এ ঘটনায় তিন কর্মচারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল বাশার এবং দুলাল চন্দ্র দাস।
প্রথম প্রফেশনাল এমবিবিএস পরীক্ষা চলাকালে সোমবার ১৩টি মরদেহের ১০টি, ভিসেরা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র বিভাগ থেকে হারিয়ে যায়।
