ফেনীর সোনাগাজীতে গণপিটুনীতে ডাকাত নিহত
ফেনী জেলার সোনগাজীতে বৃহস্পতিবার ভোরে গণপিটুনীতে এক ডাকাত নিহত ও ডাকাতের আঘাতে গৃহকর্তাসহ চারজন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের আবদুস সোবাহানের বাড়িতে ১৫/১৬ জনের একটি ডাকাত দল হামলা চালায়। ডাকাতদল এসময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ঘরের লোকজন এতে বাধা দিলে ডাকাত দল গৃহকর্তা আবদুস শুক্কুরসহ চারজনকে পিটিয়ে আহত করে। ঘরের লোকজনের চিৎকারের একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলেও এলাকাবাসী রফিকুল ইসলাম (২৫) নামের এক ডাকাত সদস্যকে ধরে ফেলে এবং গণপিটুনী দেয়।
পরে আশংকাজনক অবস্থায় তাকে সোনাগাজী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত ডাকাত একই উপজেলার মহিগঞ্জ ইউনিয়নের পানিয়া মলম গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।
ফেনী হাসপাতাল মর্গে লাশটির ময়না তদন্ত সম্পন্ন হয়।
