২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিতে ইবি অচল

নতুন উপাচার্য নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ঘোষিত ক্লাস -- পরীক্ষা বর্জন কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার প্রশাসনিক কিছু কার্যক্রম চললেও একাডেমিক কার্যক্রম একেবারেই বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগেই কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষকরা ক্যাম্পাসে এলেও কোন ক্লাস বা পরীক্ষা নেননি। কোনো কোনো বিভাগে বিভাগীয় সব পরীক্ষা অনির্দ্দিষ্টকালের জন্যে স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ ধরনের কর্মসূচি গ্রহণ করায় ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর ফলে নতুন সেশন জটের আশংকা দেখা দিয়েছে। কয়েকটি বিভাগ এরমধ্যেই দু’বছরের সেশন জটে রয়েছে বলে জানা গেছে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক বলেন, “নতুন উপাচার্য নিয়োগ দিলে শিক্ষক সমিতি এ কর্মসূচি প্রত্যাহার করবে।”

বিএনপিপন্থী জিয়া পরিষদ, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ, জাতীয়তাবাদী সাদা দল ও জামাতপন্থী গ্রীন ফোরামসহ কয়েকটি সংগঠন শিক্ষক সমিতির এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। 

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এএসএম আনোয়ারুল করিম বলেন, “শিক্ষকরা ক্লাস -- পরীক্ষা বন্ধ না করে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মাধ্যমে বিষয়টি সমাধান করতে পারতেন। শিক্ষকদের এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করা উচিত।”

প্রসঙ্গত, গত ৮ জুলাই ১০ দিনের মধ্যে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার জন্যে শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানায়। বুধবার শিক্ষক সমিতির বেঁধে দেওয়া সময় শেষ হয়ে গেলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফয়েজ মো: সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন কার্যক্রম শুরু করা হয়।

সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেয়া ও সব দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত করা। এ ছাড়া দায়িত্বের বাইরে কোষাধ্যক্ষের কোন সিদ্ধান্তও শিক্ষকরা মেনে নেবেন না বলে জানানো হয়।