২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ম্যালেরিয়ায় ২ জনের মৃত্যু

পার্বত্য জেলা বান্দরবানে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে পুলিশের একজন এসআইসহ বৃহস্পতিবার দুই জনের মৃত্যু হয়েছে। পুরো জেলায় কমপক্ষে তিনশ’ লোক ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এলাকাবাসীর অভিযোগ, ব্যাপক হারে এ রোগ ছড়িয়ে পড়লেও ম্যালেরিয়াবাহী মশা নিধনে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বান্দরবান সদর থানার এস আই সিরাজ (২৭) বুধবার সদর হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসআই সিরাজের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী গ্রামে। এছাড়া শহরের আর্মিপাড়ার দিনমজুর সেলিমের আট বছরের শিশুপুত্র সজিব ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বুধবার সদর হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

এর আগে সোমবার শহরের বালাঘাটার বাসিন্দা সাবেক পৌর কমিশনার আহম্মদ সৈয়দের ছেলে আবদুর রহিম (২২) সেরিব্রাল ম্যালেরিয়ার আক্রান্ত হয়ে মারা যায়।

এদিকে হাসপতাল সূত্র জানিয়েছে, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে কমপক্ষে তিনশ লোক ম্যালেরিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এছাড়াও আক্রান্ত লোকজন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অসুই প্র“ মারমা জানান, বর্ষা মৌসুমে বান্দরবানে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয়। বিশেষ করে আবর্জনা ও জমে থাকা পানির কারণে মশা সহজেই বসতবাড়ির আশেপাশে আস্তানা গাড়ে।

আক্রান্তদের পরিবারের অভিযোগ, গোটা জেলায় ম্যালেরিয়া ছড়িয়ে পড়লেও স্বাস্থ্য বিভাগ, পৌরসভাসহ কোনো কর্তৃপক্ষই মশক নিধনে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।