উত্তরার হ্যাচং গার্মেন্টস খোলার দাবিতে শ্রমিকদের রাস্তা অবরোধ
রাজধানীর উত্তরা থানার চালাবন এলাকার মজিদ কমপ্লেক্সে অবস্থিত হ্যাচং কর্পোরেশন লিমিটেড ইউনিট ওয়ানের শ্রমিকরা গার্মেন্টস খোলার দাবিতে বৃহস্পতিবার সকালে শাহকবীর মাজার রোড অবরোধ করে।
পুলিশ জানায়, হ্যাচং গার্মেন্টস খোলার দাবিতে প্রায় এক হাজার নারী--পুরুষ শ্রমিক সকাল সাড়ে ৮টার দিকে ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে প্রতিবাদ করে। মালিক পক্ষ ফ্যাক্টরি না খুললে বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তরা থানা ঘেরাও করার চেষ্টা করে।
এসময় পুলিশের সাথে শ্রমিকদের তর্ক--বিতর্ক এবং ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশের বাধার মুখে শ্রমিকরা ফিরে গিয়ে শাহকবীর মাজার রোড অবরোধ করে।
গার্মেন্টস শ্রমিকরা জানায়, মালিক তাদের পাওনা পরিশোধ না করে হঠাৎ করে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে।
এ ফ্যাক্টরিতে প্রায় ১৮০০ শ্রমিক কর্মরত ছিল। বর্তমানে ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে তারা মানবেতর জীবনযাপন করছে।
তারা আরও জানায়, ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার এবং প্রডাকসন ম্যানেজারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা শ্রমিকদের আন্দোলন দমানোর জন্য নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে।
