প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারের পরিবারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস বুধবার দুপুরে আওয়ামী লীগের প্রয়াত সাংসদ আহসানউল্লাহ মাস্টারের টঙ্গী বাসভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বর্তমান সরকারের আমলে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার সব নেতৃবৃন্দের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচির অংশ হিসেবেই মার্কিন রাষ্ট্রদূত এ সাক্ষাত করেন। এর আগে রাষ্ট্রদূত সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন।
মার্কিন রাষ্ট্রদূত এ সময় আহসান উল্লাহ মাস্টারের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার স্বার্থেই আহসান উল্লাহ মাস্টারসহ সব হত্যাকাণ্ডের বিচার হওয়া জরুরি।”
দুপুর ১২টায় প্যাট্রিসিয়া বিউটেনিস প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারের টঙ্গী স্টেশন রোডের বাসভবনে গেলে নিহতের পুত্র ও বর্তমান সাংসদ জাহিদ আহসান রাসেল ও পরিবারের অন্য সদস্যরা তাকে স্বাগত জানান। রাষ্ট্রদূত প্রায় আধা ঘন্টা সময় তাদের সঙ্গে কাটান।
প্রয়াতের পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
