ঢাকায় আরো ৫২ জন ডেঙ্গু আক্রান্ত, প্রকোপ বাড়ছেই
ঢাকা মহানগরীতে এডিস মশার আক্রমনে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ফলে নগরীতে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যাও প্রতিদিন বাড়ছে।
ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বুধবার আরো ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সময় ৪৫ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছে বলেছে বলে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্রে জানা গেছে।
এ নিয়ে গত ২৮ জুন থেকে এ পর্যন্ত শুধু ঢাকা মহানগরী এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এ সময় মোট ১৫৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছে।
ঢাকা ও মাদারিপুরে এ সময়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারিভাবে তা অস্বীকার করা হয়েছে।
ডিসিসি সূত্রে জানা যায়, ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে হলিফ্যামিলি হাসপাতালে ১৪ জন, বাংলাদেশ মেডিক্যালে পাঁচজন, শমরিতা হাসপাতালে চারজন, রাজারবাগ পুলিশ হাসপাতালে চারজন, মনোয়ারা হাসপাতালে তিনজন, জাহাঙ্গীরনগর হাসপাতালে তিনজন, সেন্ট্রাল হাসপাতালে দুজন, খিদমাহ হাসপাতালে দুজন, ইসলামী ব্যাংক হাসপাতালে দুজন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে দুজন, কমফোর্ট হাসপাতালে দুজন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দুজন, পার্কওয়ে জেনারেল হাসপাতালে একজন, মিটফোর্ড হাসপাতালে একজন, সালাউদ্দিন আশশিফা হাসপাতালে একজন, জেনারেল মেডিক্যাল হাসপাতালে একজন, সরকারি কর্মচারি হাসপাতালে একজন এবং বারডেম হাসপাতালে একজন।
বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি হাসপাতালের শিশু বিভাগে ডেঙ্গু রোগীদের জন্যে আসন সংকট দেখা দিয়েছে। ডেঙ্গু আক্রমনের ব্যাপকতার কারণে হাসপাতালগুলো আসন বরাদ্দ করতে পারছে না। ফলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। এসব হাসপাতালেও আসন বরাদ্দ করতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।
এছাড়াও ডেঙ্গু রোগবাহি এডিস মশা নিধনে ডিসিসির স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু রোগীদের বাসাবাড়ির আশপাশের ৫০০ গজের মধ্যে ফগিং ও লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করছে।
ডিসিসির এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাসাবাড়ির পরিচ্ছন্নতা এবং বিভিন্ন স্থানে পাঁচদিনের বেশি সময় জমে থাকা পানি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে।
