উত্তরার এশিয়ান ইউনিভার্সিটি ছাত্র বিক্ষোভে অচল, ১ম লিড
নগরীর উত্তরায় বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটিতে মঙ্গলবার শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড.আবুল হাসান মোহাম্মদ সাদেকের পদত্যাগসহ ২৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করে ক্যাম্পাস অচল করে দিয়েছে।
মঙ্গলবার সকাল নয়টায় ছাত্ররা দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। পুলিশ এতে বাধা দিলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সকাল এগারটায় শিক্ষার্থীরা আবারো মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং কম্পিউটার শিক্ষা ভবনে ভাঙ্চুর চালায়। শিক্ষার্থীরা প্রায় চার ঘন্টাব্যাপী উপ--উপাচার্য অধ্যাপক ড.কাউসার হোসেনকে অবরুদ্ধ করে রাখে। এ সময় সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসের মূল সড়কের ৭ নম্বর সেক্টরের রাস্তা বন্ধ ছিলো।
সংঘর্ষের পর উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল হাসান ও উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নাইমুর রহমানের নেতৃত্বে দাঙ্গা পুলিশ এসে পুরো এলাকা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীদের দাবি গুলোর মধ্যে রয়েছে- সেমিস্টার লেট ফি বাদ দেওয়া, শিক্ষক হাফিজ ও হেলালকে বহিষ্কার, প্রধান বিষয়গুলোর সংখ্যা বাড়ানো, আইডি কার্ডের মেয়াদ বাড়ানো, ইংরেজি বিভাগে ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ, ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপন এবং ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার।
