২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মিত প্রকাশের দায়ে নোয়াখালীর ৩টি দৈনিকের প্রকাশনা সাময়িকভাবে বন্ধের নির্দেশ

ডিক্লারেশনে বর্ণিত ছাপাখানার পরিবর্তে অন্য ছাপাখানা থেকে অনিয়মিতভাবে পত্রিকা প্রকাশের দায়ে নোয়াখালী থেকে প্রকাশিত তিনটি দৈনিকের প্রকাশনা সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

দৈনিক তিনটি হল- দৈনিক জাতীয় নিশান, দৈনিক আজকের সমাবেশ ও দৈনিক নোয়াখালী খবর।

নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট অফিস সূত্র জানায়, মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেট গাজী মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তিনটি দৈনিককে সাময়িকভাবে প্রকাশনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ছাপখানা ও প্রকাশনা আইন ১৯৭৩ এর ১০ নং ধারার বিধান লঙ্ঘন করে ডিক্লারেশনে বর্ণিত ছাপাখানার পরিবর্তে অন্য ছাপাখানা থেকে অনিয়মিতভাবে পত্রিকা প্রকাশের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয় বলে ম্যাজিস্ট্রেট অফিস সূত্র জানায়।

এ ব্যাপারে সম্পাদকের আবেদন পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদনের জন্যে পাঠানো হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে বলে চিঠিতে ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন।

দৈনিক তিনটির সম্পাদকরা ম্যাজিস্ট্রেটের এ আদেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো প্রকার শোকজ লেটার না দিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া বিষ্ময়কর ঘটনা। তারা এটিকে সংবাদপত্রের স্বাধীনতার হুমকি বলে মন্তব্য করেন।

এদিকে দৈনিক পত্রিকা তিনটির প্রকাশনা বন্ধ করে দেওয়ায় জেলার সাংবাদিক মহল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।