চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু, ১ম লিড
চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
মঙ্গলবার এর শুরুর দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়।
ধমর্ঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের সাথে অন্যান্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। শত শত ফলবাহি ট্রাক আটকা পড়ে আছে।
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলাবাড়ি এলাকায় রোববার ট্রাকের ধাক্কায় দু’ সাইকেল আরোহী আহত হয়। এরমধ্যে স্কুল ছাত্র জামাল সোমবার মারা যায়।
এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ এবং ওই ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
শিবগঞ্জ থানা পুলিশ সোমবার ট্রাক চালককে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। আদালত তার জামিন না মঞ্জুর করলে চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।
মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী বিডিনিউজকে জানান, ট্রাক চালকের জামিন না হওয়া পর্যন্ত ধর্মঘট ও অবরোধ অব্যাহত থাকবে।
