২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের এসআই’র বিরুদ্ধে গরু চুরির অভিযোগ

চাঁদাবাজি ও ছিনতাইয়ের পর এবার চট্টগ্রাম পুলিশের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত হয়েছেন বোয়ালখালী পুলিশের এসআই মোহাম্মদ হারুন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

চুড়ির হিড়িক পড়ে যাওয়ায় গ্রামবাসীরা পালা করে গবাদিপশু চুরি রোধে পাহারা দিলেও তা উপেক্ষা করে রোববার রাতে ওই এসআই লুট করা গরু বোঝাই একটি ট্রাককে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ সূত্র জানায়, এছাড়াও এসআই হারুনের বিরুদ্ধে বোয়ালখালীর ধুরালা গ্রাম থেকে তিনটি গরু চুরির অভিযোগ আনা হলে তাকে তিনদিনের জন্য চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সূত্র আরও জানায়, তাকে তিনদিনের মধ্যে চুরি করা গবাদিপশু ফিরিয়ে দিতেও বলা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, গবাদিপশু চুরি বন্ধে তারা দলে বেধে রাতে পাহারার ব্যবস্থা করলেও রোববার রাতে গবাদিপশু বোঝাই একটি ট্রাককে তারা বাধা দিতে পারেনি। পুলিশের সহায়তায় ওই ট্রাকটিকে পার করে দেওয়া হয়।

এসআই হারুন একটি পুলিশ পিক আপ ভ্যান নিয়ে ওই ট্রাকটিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উঠিয়ে দিয়ে আসেন বলে অভিযোগ করে তারা। এছাড়াও‘ সকালে ওই গ্রামবাসীরা তাদের গোয়ালে গিয়ে তিনটি গরু খুঁজে পায়নি।

গ্রামবাসী এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বাকার সিদ্দিকীর কাছে অভিযোগ করে। অভিযোগে এসআই হারুনকে অভিযুক্ত করা হয়।

পরে ওসি ও চেয়ারম্যানের উপস্থিতিতে এক সালিশিতে এসআই হারুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয় এবং তাকে আগামী তিনদিনের মধ্যে গবাদিপশু ফিরিয়ে দিতে বলা হয়।