জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩য় দিনের মতো সংঘর্ষ, আহত ৫০, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার তৃতীয় দিনের মতো ছাত্রলীগ ও ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, ন্যাশনাল হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববারের সংঘর্ষের জের ধরে সোমবার ছাত্রলীগের একটি গ্র“প ছাত্র শিবিরের অস্ত্রধারী একটি গ্র“পকে ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় অজ্ঞাত কয়েকজন সশস্ত্র যুবক ক্যাম্পাসে ঢুকে কমপক্ষে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পুলিশও তখন ২০ রাউন্ড টিয়ার গ্যাস ছুঁড়ে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, ছাত্রলীগ ও ছাত্রদল যৌথভাবে ছাত্র শিবিরের কর্মিদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পর শিবিরের দুই শতাধিক কর্মি হকি স্টিক ও রাম দাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এতে ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছাত্রশিবিরের এ শো-ডাউনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ ও ছাত্রদল ক্যাম্পাসে পৃথক পৃথক মিছিল বের করে। মিছিল শুরুর পর ছাত্রশিবিরের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়।
ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া পাল্টা - ধাওয়া শুরু হলে পুলিশ উভয় ছাত্র সংগঠনের কর্মীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।
ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশ ছাত্রশিবিরের পক্ষে অবস্থান নেয়। পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবির রোববার রাতে কোতয়ালী থানায় ছাত্রলীগের ১২ নেতাকর্মিকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে।
তবে সোমবারের সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখনও মামলা করেনি বলে কোতোয়ালি থানা সূত্র জানায়।
এর আগে শনিবার ছাত্রলীগ নেতা জাহিদ ও ইমন এবং ছাত্রদল নেতা আরিফ ও কাঁকন মিলে ছাত্রশিবির কর্মি রবিউলকে মারধর করে। রবিউল ক্যাম্পাসে তখন তার দলের পক্ষে প্রচারণা চালাচ্ছিল।
বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
