‘এ লিস্ট অব অফেন্সেস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
তিন প্রজন্মের নারীর সুদীর্ঘ কাহিনী পরম্পরা নিয়ে রচিত বই ‘এ লিস্ট অব অফেন্সেস’-- এর প্রকাশনা অনুষ্ঠান রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বইয়ে স্পর্শকাতরতা, হাস্যরস ও সামাজিক সমালোচনায় ভরপুর গতানুগতিক সমাজ থেকে একজন সাহসী নারীর মুক্তির কাহিনী তুলে ধরেছেন লেখিকা দিলরুবা জেড আরা। দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এ বছর এপ্রিল মাসে বইটি প্রকাশ করে।
উপন্যাসটির শুরু হয় ‘দরিয়া’ নামের এক দীর্ঘপ্রত্যাশী কন্যাসন্তান জন্ম নিয়ে, যার চুলের রং নদীর জলে সূর্যরশ্মির মত উজ্জ্বল। গ্রামবাসীর পরচর্চায় দরিয়ার রূপালী চুলের ঔজ্বল্য ছিল কোনো শুভ বা অশুভ সংকেত। দরিয়ার জন্মের অনুপযুক্ততা নিয়ে গুলাব গঙ্গা গ্রামের লোকজন এ মেয়ের ভবিষ্যতে কী আছে-- তা অনুমান করতে শুরু করে। তারুণ্যে এসে দরিয়া অতিতের যাবতীয় আশা ও দাবি থেকে নিজেকে মুক্ত করে তার ভবিষ্যতের দিকে এগোয়।
বইটিতে ধর্ম, শ্রেণী, পারিবারিক ও ডাইনেস্টি সম্পর্ক, প্রেমের উত্থান, মৃত্যু ও উত্তেজনার বিষয় তুলে ধরা হয়েছে। অসাধারণ ও সুরচিত ধারা বর্ণনা ও নিখুঁত চমৎকারিত্বে দিলরুবা জেড আরা তার উপন্যাসে বিভিন্ন চরিত্রের মাধ্যমে এসব তুলে ধরেছেন ডিফেন্সেসের ভঙ্গিতে। রাজনৈতিক দিক ছাড়াও বইটি গ্রামবাংলার প্রতিদিনের জীবনের ঐতিহ্য, উৎসব, খাদ্য, বন্যা, নদীর পার্শ্ববর্তী একটি গ্রামের অপরিসীম সৌন্দর্যের চমৎকার চিত্রনের জন্যেও স্মরনীয় হয়ে থাকবে।
বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণকারী দিলরুবা জেড আরা ২০ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যের (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী থাকা অবস্থায় এক সুইডিশ বিমান বাহিনীর কর্মকর্তাকে বিয়ে করেন। তিনি গোথেনবার্গ ইউনিভার্সিটি থেকে তার পড়ালেখা শেষ করেন। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য এবং ক্লাসিক্যাল অ্যারাবিকের পাশাপাশি সুইডিশ ও ইংরেজিতে শিক্ষাকতারও ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি সুইডেনে সুইডিশ ও ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কর্মরত। তিনি গদ্য ও পদ্য দুইই লেখেন। তার সর্বপ্রথম ইংরেজি গল্প ‘‘ডিটাচড বিলংগিং” সুইডেনের কালচারাল ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য কোর্স এবং যুক্তরাষ্ট্রের কিনিশ ইউনিভার্সিটির ক্রিয়েটিভ রাইটিং কোর্সে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি একজন চিত্রকর ও অনুবাদকও। তিনি তার স্বামী ও দুই সন্তান নিয়ে সুইডেনের লন্ডে--এ বসবাস করছেন।
