জাতির স্বার্থে অবশ্যই গ্রেনেড হামলার উৎস উন্মোচন করতে হবে: ড. কামাল
দেশের নেতৃস্থানীয় আইনজীবী ড. কামাল হোসেন রোববার সুপ্রীম কোর্টে বলেছেন, জাতির স্বার্থে অবশ্যই শাহ এএমএস কিবরিয়াসহ অন্যান্য হত্যাকাণ্ডে ব্যবহৃত গ্রেনেডের উৎস উন্মোচন করতে হবে।
তিনি বলেন, জাতি চায়-- অবশ্যই গেনেডের উৎস উন্মোচন করা হোক, কারণ ২১ আগস্ট বিরোধী দলের সমাবেশসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের একাধিক বর্বর হামলা চালানো হয়েছে।
ড. কামাল প্রশ্ন করেন, গ্রেনেডের উৎস উন্মোচন না করেই সরকার শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে এত বেশি উৎসাহি কেন? সরকার কেন ওই উৎস উন্মোচন করতে চায় না?
নিু আদালতে ওই হত্যা মামলার বিচার প্রক্রিয়ার ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে গত ১৪ জুন সরকারের দায়ের করা একটি লিভ টু আপিলের শুনানিকালে তিনি ওই প্রশ্ন উত্থাপন করেন। হাইকোর্ট মামলার নথিপত্রও চেয়ে পাঠায়।
কিবরিয়া হত্যা মামলার বাদী আব্দুল মজিদ খানের দায়ের করা একটি রীট পিটিশনের ভিত্তিতে হাইকোর্টের ওই আদেশ দেওয়া হয়। তিনি তথা কিবরিয়ার পরিবারের দাবি, গ্রেনেডের উৎস উন্মোচন করতে নতুন করে তদন্তের পর মামলার বিচার অনুষ্ঠিত হোক।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান লিভ টু আপীলের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে সুপ্রীম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি এমএম রহুল আমীন ও বিচারপতি আমিরুল কবীর চৌধুরী।
সুপ্রীম কোর্ট সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।
