সরকারের শেষ সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা: সীমান্ত সিল করে তল্লাশির নির্দেশ
সরকারের শেষ সময় ও তত্ত্বাবধায়ক সরকার আমলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে।
পরিকল্পনার অংশ হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশকে পাড়া--মহল্লায় টহল জোরদার, তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সীমান্ত এলাকা সিল করে প্রতিটি যানবাহন তল্লাশি করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার সকালে প্রায় তিন ঘন্টার এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, সরকারের শেষ সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে। যার প্রভাব আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের ওপর পড়বে। একই সাথে এ অবস্থা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পরও অব্যাহত থাকতে পারে। যা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে।
এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে (এনএসআই) সুষ্পষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়া হয়।
সূত্র আরো জানায়, নির্বাচনকে সামনে রেখে ভিআইপি রাজনীতিক, ব্যবসায়ী ও দায়িত্বশীল ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন পয়েন্টের টহল ও চেকপোস্টের পাশাপাশি পাড়া--মহল¬ায় টহল জোরদার করবে।
একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৈরি করা নতুন তালিকা অনুযায়ী প্রায় ১০ হাজার তালিকাভুক্ত উদীয়মান সন্ত্রাসী ও পেশাদার খুনিকে গ্রেপ্তার করতে র্যাবকে নির্দেশ দেওয়া হয়।
সূত্র জানায়, মুম্বাই হামলার মতো বাংলাদেশের কুটনৈতিক পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের বোমা হামলার আশংকা সম্পর্কিত সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার দেওয়া প্রতিবেদন নিয়েও বৈঠকে আলোচনা হয়।
এ কারণে দেশের বিভিন্ন স্থলবন্দর ও ২৬টি সীমান্ত পথ সিল করে এসব এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করতে কঠোর নির্দেশ দেওয়া হয়। এসব এলাকা ও বিভিন্ন সড়কের প্রতিটি যানবাহনে তল্লাশি এবং ভিডিওচিত্র ধারণ করতে বলা হয়।
এ ব্যাপারে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিডিআর ও কোস্ট গার্ড বাহিনীকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়।
সূত্র আরো জানায়, এতে ভারতের মুম্বাই হামলার সাথে জড়িত থাকতে পারে, এমন সন্দেহভাজনদের বাংলাদেশে প্রবেশের সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়। এ ব্যাপারেও সংশি¬ষ্টদের সতর্ক থেকে গ্রেপ্তার নিশ্চিত করতে বলা হয়।
এছাড়াও বৈঠকে কতিপয় র্যাব সদস্যের ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে র্যাবে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), র্যাবের মহাপরিচালক (ডিজি), এনএসআই’র মহাপরিচালকসহ (ডিজি) উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
