সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও অত্যাচার-নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন আদিবাসী নেতৃবৃন্দ
আদিবাসী নেতৃবৃন্দ তাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং তাদের ওপর নির্যাতন ও ভূমিদখল বন্ধের জোর দাবি জানিয়েছেন।
শনিবার কমিউনিস্ট পার্টির অফিসে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্র এবং কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এ দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিবাসী ইউনিয়ন কেন্দ্রের সভাপতি রেবেকা সরেণ, সিপিবি’র সভাপতি মনজুরুল আহসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক খগেশ কিরণ তালুকদার, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গাজীপুর জেলার আদিবাসী ইউনিয়ন কেন্দ্রের নেতা রূপচাঁদ বর্মণ, নিতাই চাঁদ বর্মণ, আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা জয়নাল খান, ডা. দিবালোক সিংহ প্রমুখ।
বক্তারা বলেন, আদিবাসীরা মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা রাখলেও তারা আজও তাদের সাংবিধানিক স্বীকৃতি পায়নি। জাতি হিসেবেও তারা অবহেলিত। তারা আরো বলেন, এসব আদিবাসী শিক্ষা ও ভূমির ওপর অধিকারসহ সব ধরনের অধিকার থেকেই বঞ্চিত।
বক্তারা আরো বলেন, আইন থাকলেও আদিবাসীদের ওপর অন্যায় অত্যাচার -- নির্যাতন করা হচ্ছে। এসব আইনের যথাযথ প্রয়োগ করা যাচ্ছে না। তাই নিজেদের ভূমির অধিকারসহ সব অধিকার আদায়ে কঠোর সংগ্রাম করতে হবে।
তারা আদিবাসীদের দাবি আদায়ের লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে এগোনোর আহ্বান জানান।
