কালো টাকা সাদা করার তালিকায় শীর্ষে ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম
ঢাকা সিটি করপোরেশনের এক ওয়ার্ড কমিশনার ও ক্ষমতাসীন বিএনপির নেতা ২০০৫-০৬ অর্থ বছরে সবচেয়ে বেশি কালো টাকা সাদা করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
তার নাম চৌধুরী আলম। তিনি খুব বড় মাপের রাজনীতিবিদও নন, আবার বড় ব্যবসায়ীও নন।
জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র জানায়, তিনি শতকরা সাড়ে সাত ভাগ হারে ৬৭ লাখ টাকা কর দিয়ে প্রায় নয় কোটি টাকা সাদা করে নিয়েছেন।
এ ব্যাপারে চৌধুরী আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, আমিই সবচেয়ে বেশি টাকা সাদা করেছি কিনা জানি না। কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ীই এটা করেছি। তিনি বলেন, সরকারকে আমার কর দেওয়া উচিত বলে আমি ভেবেছি, আর এ কারণেই আমি এটা করেছি।
সূত্র জানায়, বড় মাপের রাজনীতিবিদ বা ব্যবসায়ী না হয়েও একজন সামান্য ওয়ার্ড কমিশনার সবচেয়ে বেশি কালো টাকা সাদা করায় এনবিআর এর শীর্ষ কর্মকর্তারা রীতিমত অবাক হয়েছেন।
এর আগে জোট সরকার ২০০৪-০৫ অর্থবছরে সাড়ে সাত শতাংশ কর প্রদান করে কালো টাকা সাদা করার সুযোগ করে দেয়।
এনবিআর সূত্র জানায়, বিগত অর্থ বছরে এ পদ্ধতির আওতায় ৭ হাজার ২২৬ জন ৪,৬০৩ দশমিক ২১ কোটি টাকা সাদা করে নিয়েছেন। ওই টাকার বিপরীতে সরকার কর হিসেবে ৩৪৫ দশমিক ২৪ কোটি টাকা আয় করেছে।
ঢাকা বিভাগ এই তালিকার শীর্ষে রয়েছে। ঢাকায় ৫ হাজার ১৫১ জ মোট ৩,৫৯৬ দশমিক ৯৪ কোটি টাকা সাদা করেছেন। চট্টগ্রামে ১ হাজার ৪১৬ জন মোট ৭২০ দশমিক ৫৩ কোটি কালো টাকা সাদা করেছেন।
এনবিআর সূত্র জানায়, কালো টাকা সাদা করার ক্ষেত্রে শীর্ষে রয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া এ তালিকায় অবসরপ্রাপ্ত আমলা, বেসরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তা, গৃহবধু, রিয়েল এস্টেট ব্যবসায়ী, চলচ্চিত্র প্রযোজক ও ঠিকাদাররাও রয়েছেন।
জানা গেছে, ক্ষমতাসীন বিএনপির মহানগর কমিটির নেতা হওয়ার আগে মোহাম্মদ আলম একজন হকার ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন।
এনবিআর এর একটি শীর্ষ পর্যায়ের সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেন, তিনি সর্বোচ্চ কর দাতা ইউনিট এবং জোন-১ এ ৬৭ লাখ টাকা কর দিয়ে আট কোটি ৯৩ লাখ টাকা সাদা করেছেন। তবে তিনি তার আয়ের উৎস জানাতে অস্বীকার করেন।
সূত্রটি জানায়, তার মত একজন মানুষ এত বেশি পরিমাণ কালো টাকা সাদা করায় সবাই বিস্মিত হয়েছে। এক্ষেত্রে অন্য কোনো পেশার লোককেই আশা করা হয়েছিল।
