২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় ডাকাতির ঘটনায় র‌্যাবসহ ৮ জন আটক, মালামাল উদ্ধারে যৌথ অভিযান, ১ম লিড

নগরীর ডেমরা থানা পুলিশ প্রায় ৭০ লাখ টাকার মালামাল ডাকাতির দায়ে র‌্যাবের এক কর্মকর্তা ও সাবেক সেনা সদস্যসহ আটজনকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পরে আটককৃত র‌্যাবের করপোরাল বজলুকে নিয়ে পুলিশ ও র‌্যাব -- ১০ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। শনিবার দিনভর টঙ্গী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার ভোরে র‌্যাবের কয়েকজন সদস্য তাদের আরো কয়েকজন সহযোগীসহ ডেমরা থানা এলাকায একটি কভার্ড ভ্যান থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কভার্ড ভ্যানটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আসার পথে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার এয়ারকুলার মেশিনারিজ ও প্রায় ৩০ লাখ টাকার গার্মেন্টস কারখানার কাপড় ছিল।

ওই মামলায় পুলিশ এরই মধ্যে মোট সাতজনকে ডেমরার বিভিন্ন স্থান থেকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকালে আটক করা হয় র‌্যাবের করপোরাল বজলুকে। আটককৃতদের মধ্যে শাহীন নামে চাকরিচ্যুত একজন সেনা সদস্যও রয়েছে।

পরে পুলিশ ও র‌্যাব -- ১০ আটককৃত করপোরাল বজলুকে নিয়ে শনিবার মালামাল উদ্ধারে এক যৌথ অভিযানে নামে। তার স্বীকারোক্তি অনুযায়ী দিনভর টঙ্গী এলাকার বিভিন্ন গোডাউনে অভিযান চালানো হয়।

টঙ্গীর আশুলিয়ার আতাউর মার্কেটের পেছনের একটি গোডাউন থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া ২২টি কার্টন ভর্তি এয়ারকুলার মেশিনারিজ। লুট হওয়া বাদবাকী আরো চারটি মেশিনারিজের কার্টন ও কাপড় সামগ্রী উদ্ধারে নারায়ণগঞ্জের রূপগঞ্জেও অভিযান চালানো হয়।