ধর্মঘটী শিক্ষকদের ওপর পুলিশের হামলা, আহত ৭ : প্রতিবাদে ১৬ জুলাই সারাদেশে বিক্ষোভ
বেসরকারি শিক্ষক কর্মচারিদের অব্যাহত ধর্মঘটের অষ্টম দিন শনিবার রাজধানীতে একটি মিছিলে পুলিশ হামলা চালালে কমপক্ষে সাতজন শিক্ষক আহত হয়। গুরুতর আহত শিক্ষক মণি হালদারকে রাজধানীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারিরা সরকারি খাত থেকে ১০০ ভাগ বেতন ও অন্যান্য দাবিতে এ ধর্মঘট পালন করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক কর্মচারিদের একটি মিছিল মুক্তাঙ্গন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাত্রা করলে সচিবালয়ের সামনে পুলিশ তাতে বাধা দেয় এবং বেধড়ক লাঠিচার্জ করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের কাছে শিক্ষকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ সম্পর্কে ফোনে জানতে চাইলে তিনি জানান, তিনি ঢাকার বাইর রয়েছেন। লাঠিচার্জের ব্যাপারে তিনি কিছুই জানেন না।
মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্য পরিষদ ১৬ জুলাই প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশ এবং আগামী ২০ জুলাইয়ের মধ্যে বেতন বৃদ্ধির দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা হুমকি দিয়েছেন।
