বিশ্ব স্কোয়াশ’র সাবেক চ্যাম্পিয়ন জানশের খান পুলিশ হেফাজত থেকে উধাও
পাকিস্তানের স্কোয়াশ গ্রেট জানশের খান ইসলামাবাদের একটি ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশন থেকে পালিয়ে গেছেন। তার অর্ন্তবর্তীকালীন জামিন বাতিল হওয়ার পর পুলিশ তাকে আটক করে ক্যান্টনমেন্ট থানায় রেখেছিল। সেখান থেকে তিনি পালিয়ে যান বলে পাকিস্তানের সিআইএ জানিয়েছে।
প্রসঙ্গত, রুখসানা নামে এক মহিলা ৮ জুন জোর করে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া এবং বাড়ির মধ্যে গোলাগুলি করার অভিযোগে জানশের খান ও তার ভাইপো মাহবুবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে জানশের অর্ন্তবর্তীকালীন জামিন লাভ করলেও রূখসানার পরিবারের সাথে সমঝোতায় আসার কথা বলে তিনবার জামিনের সময়সীমা বর্ধিত করেন।
পরে আদালত জানশেরের অর্ন্তবর্তীকালীন জামিন বাতিল করে তাকে সিআইএ পুলিশের হেফাজতে প্রেরণ করে।
এদিকে জানশের তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, টাকা-পয়সা নিয়ে তার সাথে প্রতিবেশী রুখসানাদের দ্বন্দ্ব থাকায় তিনি শান্তিপূর্ণভাবেই রুখসানাদের বাড়ি থেকে উচ্ছেদ করতে চেয়েছিলেন।
পুলিশ জানায়, জানশেরকে এবার আটকের পর সিআইএ’র পুলিশ স্টেশনে পাঠানো হয়। কিন্তু সেখানে জানশের অল্প সময়ের জন্য আটক থাকলেও তাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
