জাবি’র প্রকৌশল অফিসের অসাধু কর্মকর্তা--কর্মচারির বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের একাধিক কর্মকর্তা--কর্মচারির যোগসাজসে বিদ্যুৎ খাতে বছরে প্রায় অর্ধকোটি টাকা লুটপাট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ খাতে বছরে দু’কোটি টাকারও বেশি খরচ হয়। অথচ এ খাতে ভোক্তাদের কাছ থেকে আদায় করা হয় বছরে মাত্র ২৭ থেকে ২৮ লাখ টাকা। বাকি টাকার পুরোটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভর্তুকি দিতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক কারণে ক্যাম্পাসের কলাবাগান, পাহাড়তলী, রাঙ্গামাটি ও বিশমাইল এলাকায় কর্মচারিদের অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছে। এই চারটি এলাকায় বসবাসরত সহস্রাধিক কর্মচারি পরিবার প্রকৌশল অফিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারির যোগসাজসে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ও হিটার ব্যবহার করছে। বিনিময়ে প্রকৌশল অফিসের কর্মকর্তা--কর্মচারিরা পরিবার প্রতি মাসিক ৪০০ থেকে ৫০০ টাকা আদায় করছে।
এর ফলে অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে কর্তৃপক্ষকে বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দিতে হচ্ছে। অন্যদিকে অসৎ কর্মকর্তা--কর্মচারিরা হাতিয়ে নিচ্ছে বছরে প্রায় অর্ধকোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাবিতে বিদ্যুৎ খাতে প্রতি মাসে গড়ে বিল আসে ১৮ থেকে ১৯ লাখ টাকা। অথচ প্রতি মাসে গড়ে আদায় হয় ২ লাখ থেকে সোয়া ২ লাখ টাকা। ফলে বছরে কর্তৃপক্ষকে প্রায় পৌনে ২ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
এদিকে কর্তৃপক্ষ ভর্তুকির পিছনে অন্যতম কারণ হিসেবে আবাসিক হল ও অফিস সমূহ চিহ্নিত করেছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র।
কর্তৃপক্ষ পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ গড়ে ৩ টাকা ৯১ পয়সায় ক্রয় করছে অথচ ভোক্তাদের কাছ থেকে আদায় করছে এক থেকে ১০০ ইউনিট পর্যন্ত ২ টাকা ৫৩ পয়সা, ১০০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ২ টাকা ৫৭ পয়সা এবং ৩০০ ইউনিটের ওপরে ৩ টাকা ৮৯ পয়সা। ফলে ভর্তুকির পরিমাণ হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, বিদ্যুৎ খাতে অর্থ বরাদ্দ ও খরচের ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিমক) জাবি কর্তৃপক্ষকে একাধিকবার আপত্তি জানিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিসের কর্মকর্তাদের অবহেলার কারণে বিদ্যুৎ খাতে আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পাচ্ছে।
কর্তৃপক্ষ ২০০৪--০৫ অর্থবছরে বিদ্যুৎ খাতে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং ২০০৫--০৬ অর্থবছরে ২ কোটি ২৫ লাখ টাকা বিল পরিশোধ করেছে। চলতি ২০০৬--০৭ অর্থবছরে এ খাতে ২ কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত বরাদ্দে তা প্রায় ২ কোটি ৪০ লাখ হতে পারে বলে বিদ্যুৎ অফিসের একটি সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম নেছারউদ্দিন চৌধুরী বিডিনিউজকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে আমার কিছুই করার নেই।
জাবি’র উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান জানান, এ ব্যাপারে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতি দ্রুত এর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
