লেবানন ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি সংগঠনগুলোর বিক্ষোভ
লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের ইসলামি সংগঠনগুলো। শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সংগঠনগুলো এই হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে।
জুমার নামাজের পর হিজবুত তাহরীর বাংলাদেশ এবং ইসলামি শাসনতন্ত্র আন্দোলন এর কয়েক শ কর্মি রাস্তায় নেমে আসেন এবং তারা লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।
তারা মধ্যপ্রাচ্যে বিতর্কিত ভূমিকার জন্য জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি তারা বাংলাদেশ সরকার এবং প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগের ভূমিকারও সমালোচনা করেন।
সংগঠন দুটির নেতারা লেবানন ও ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি জানান এবং সেইসঙ্গে মুসলিমবিরোধী শক্তির বিরুদ্ধে সমগ্র মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে মিছিলে নেতারা জানান, তারা লেবানন ও ফিলিস্তিন এবং মুসলমান সমাজের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন।
