২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবদল ও ছাত্রদলের হামলায় শেখ হাসিনার নিন্দা ও ক্ষোভ

বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃহস্পতিবার রাতে যুবদল ও ছাত্রদলের ক্যাডারদের দু’দফা হামলার ঘটনায় আ’লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শুক্রবার এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এক বিবৃতিতে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে দলকে নিশ্চিহ্ন করার যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই হামলা তারই ধারাবাহিকতা।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি-জামাত জোটের দূর্নীতি, লুটপাট, সর্বোপরি দুঃশাসনের ফলে সরকার জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়ে আ’লীগকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় থাকার জন্যে মরিয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, কোন স্বৈরাচারই দমন, পীড়ন, অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না। জনগণের রুদ্ররোষে জোট সরকারের পতন অনিবার্য।

শেখ হাসিনা এ হামলার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা আ’লীগ কার্যালয়ে যুবদল ও ছাত্রদলের ক্যাডাররা দু’দফা হামলা চালিয়ে জেলা আ’লীগের প্রচার সম্পাদক শাহরিয়ার ওপেল, সবু ও সাত্তারসহ ১০/১২ জনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং দু’টি মোটর সাইকেল ভাংচুর করে।

আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানও এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।