মুন্সীগঞ্জে চাঁদা না দেয়ায় ২ ব্যক্তি গুরুতর জখম
মুন্সীগঞ্জের দেওভোগ গ্রামে চাঁদা না পেয়ে এলাকার যুবকরা শুক্রবার দুপুরে এক ব্যাংক কর্মকর্তাসহ দুজনকে কুপিয়ে আহত করেছে।
আহতরা হলেন দেওভোগ উত্তরা ব্যাংক কর্মকর্তা এস এম আশরাফুজ্জামান মোক্তার (২৮) ও তার ভাই আহসান হাবিব মনির (২৬)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আশরাফুজ্জামান বাড়ি নির্মাণ শুরু করলে এলাকার কিছু যুবকতার কাছে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দেয়ায় যুবকরা নির্মাণ সামগ্রী নিয়ে যায়।
তিনি এবং তার ভাই মনির এ ঘটনার প্রতিবাদ করলে পার্শ্ববর্তী রাঢ়িপাড়ার সেন্টুর নেতৃত্বে কয়েকজন যুবক তাদেরকে কুপিয়ে আহত করে।
আহতদেরকে আশংকাজনক অবস্থায় প্রথমে সদর হাসপাতাল ও পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
