২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের ক্রসফায়ারে ২ চরমপন্থি নিহত (আপডেট)

পাবনার শাহ্াপুরে র‌্যাবের ক্রসফায়ারে শুক্রবার ভোরে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল লাল পতাকা)’র দুই চরমপন্থি নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 12:33 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নিহতরা হচ্ছে -- এমএল লাল পতাকা’র কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কামরুল মাস্টার (৬০) ও পাবনা জেলার কমান্ডার ঝুনু মেকার (৪৫)।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরে ঢাকার গোড়ান থেকে কামরুল এবং মিরপুর থেকে ঝুনুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাদেরকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য ভোর সাড়ে ৩টার দিকে পাবনা--ঈশ্বরদী মহাসড়কের শাহাপুরে পৌঁছলে চরমপন্থি দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় কামরুল এবং ঝুনু র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাদের লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, নিহতদের বিরুদ্ধে নয়টি হত্যাসহ ২৫--৩০টি মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, নিহত কামরুল মাস্টার পাবনা সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। সে পাবনার মাওলানা কসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিল। বেশ কয়েক বছর ধরে কামরুল আত্মগোপন করে চরমপন্থি দলের নেতৃত্ব দিচ্ছিল।

নিহত ঝুনু মেকার দাসপাড়া গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে। সে একজন রেডিও মেকার ছিল।