২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ছে

সরকার জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বেতন--ভাতা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নয়ন বিষয়ক সচিব কমিটির প্রস্তাব অনুমোদন লাভ করে। এজন্যে বছরে সরকারের অতিরিক্ত ৭৫ কোটি টাকা ব্যয় হবে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুমোদন সাপেক্ষে এ প্রস্তাব কার্যকর হবে।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ১৫ গ্রেড থেকে ১৩ গ্রেডে এবং প্রশিক্ষণবিহীনদের ১৭ গ্রেড থেকে ১৪ গ্রেডে উন্নীত করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ১৬ থেকে ১৫ গ্রেডে এবং প্রশিক্ষণবিহীনদের ১৮ থেকে ১৬ গ্রেডে উন্নীত করা হবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। সরকারি প্রাথমিক শিক্ষক বেতন বৃদ্ধি চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে বলে তিনি জানান ।

সাইফুর রহমান শিক্ষাখাতে কর্মরতদের বৈষম্যের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা এ বিষয়টি গভীরভাবে মূল্যায়ন করে দেখেছি এবং সচিব কমিটি ব্যাপকভাবে এ বিষয়টি খতিয়ে দেখেছে এবং সে অনুযায়ী তাদের প্রস্তাব জমা দিয়েছে।

সর্বশেষ পে কমিশনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো পে কমিশন বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তাদের সুপারিশকৃত পে স্কেল এখনও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যায়নি।

অর্থমন্ত্রী মন্তব্য করেন, গত এক বছরে সুপারিশকৃত পে স্কেলের একাংশ বাস্তবায়ন সম্ভব হয়েছে। কিন্তু এক্ষেত্রে দুয়েকটি খাতে ত্র“টি রয়ে গেছে। আমরা এ বিষয়গুলো দেখব।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সুপারিশ তৈরির জন্যে তিন সদস্যের একটি সচিব কমিটি গঠন করে।

সচিব কমিটির সুপারিশ সম্বলিত প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

মন্ত্রিসভার বৈঠকে বেসরকারি প্রাথমিক শিক্ষক চাকুরি জাতীয়করণের বিষয়টিও আলোচিত হয়।