২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্ক পরিবীক্ষণ নীতি অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং অর্থ সরবরাহ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া সত্ত্বেও গত জানুয়ারিতে চালু হওয়া সতর্ক পরিবীক্ষণ নীতি আরও ছয়মাসের জন্য অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

দ্বিতীয় দফা পরিবীক্ষণ নীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার ব্যাংকগুলোর মধ্যে ঋণ এবং সঞ্চয় প্রবৃদ্ধির মধ্যকার ব্যবধান বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে সুদের হার আরও বেড়ে যাবে। দ্বিতীয় দফা পরিবীক্ষণ নীতি ঘোষণায় জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে ছিল বলে দেখানো হয়।

তিনি বলেন, এ বছরের জানুয়ারিতে পরিবীক্ষণ নীতি গ্রহণ করার পর বিভিন্ন ক্ষেত্রে এ পদক্ষেপ ইতিবাচক হলেও সিপিআই (ভোক্তা মূল্য সূচক) মুদ্রাস্ফীতি সর্বোচ্চ সাত শতাংশ রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা অতিক্রম করেছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, আগামী ছয়মাস পরিবীক্ষণ নীতি অব্যাহত রাখা হবে। এ সময়ের মধ্যে সবসময় এ নীতি পরিবীক্ষণ ও পর্যালোচনা করা হবে। আভ্যন্তরীণ এবং বহির্গত প্রয়োজনের সাথে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে এ নীতিতে পরিবর্তন আনা হবে বলেও তিনি জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৬ সালের মে মাসে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি ২১ দশমিক ৬ শতাংশ। আগের বছরের একই সময়ে তা ছিল ১৭ দশমিক ৮ শতাংশ। এদিকে বেসরকারি খাতে বৎসর অনুপাতে ঋণ প্রবৃদ্ধি ২০০৬ সালের মে মাসে কমে ১৭ দশমিক ১ শতাংশে নেমে আসে। আগের বছরের একই সময়ে তা ছিল ১৮ শতাংশ।

ড. সালেহউদ্দিন জানান, বার্ষিক গড় সিপিআই মুদ্রস্ফীতির ক্ষেত্রে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। ২০০৫ সালের  সিপিআই স্ফীতি ছিল মার্চে ৭ দশমিক ০২ শতাংশ, এপ্রিলে ৭ দশমিক ০৮ এবং মে মাসে ৭ দশমিক ১৪।

এর আগে আন্তর্জাতিক অর্থ তহবিলের পরমর্শ অনুযায়ী মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণে ২০০৬ সালের মার্চের মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ১৩ দশমিক ৯ শতাংশে কমিয়ে আনার লক্ষ্যে জানুয়ারিতে ১ম দফা সতর্ক পরিবীক্ষণ নীতি গ্রহণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও জানান, আশানুরূপ সুফল না পেলেও সতর্ক পরিবীক্ষণ নীতি অব্যাহত থাকবে। এ নীতির দ্বিতীয় দফা হবে প্রায়োগিক দিক থেকে আরও শক্তিশালী।

তিনি বলেন, উৎপাদনশীল খাতগুলোর প্রবৃদ্ধি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিশেষ যতœ নেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঋণ দানের আগে মান ও পোর্টফোলিওর ব্যাপারে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রদর্শিত জিডিপি প্রবৃদ্ধির (৬ দশমিক ৮ শতাংশ) দিগুণ অর্থাৎ ৮ থেকে ৯ শতাংশ হতে পারে।