ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেশিয়া এ বিউটেনিস
মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেশিয়া এ বিউটেনিস বলেছেন বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা, ধর্ম পরায়ণতা ও আধুনিকতার অপূর্ব সমন্বয় রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন কালে এ কথা বলেন। খবর তথ্য বিবরণীর।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, এখানকার মানুষের আন্তরিকতা বিদেশিদের বিমোহিত করে। বাংলাদেশের মানুষ অত্যন্ত বন্ধুবৎসল, অতিথি পরায়ণ এবং আন্তরিক ।
প্রত্যেকই আধুনিক মনোভাবাপন্ন খাঁটি মুসলমান এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ব্যতিক্রমী প্রগতিশীল মুসলিম রাষ্ট্র বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এছাড়া তিনি লাইব্রেরী সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পেরও প্রশংসা করেন।
তিনি এসময় ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি, জাতীয় মসজিদের উন্নয়ন কর্মকান্ডসহ অন্যান্য বিভাগ ঘুরে দেখেন।
পরে রাষ্ট্রদূত ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালকের কক্ষে এক আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের আর্থ সামাজিক কর্মকান্ড, বিশেষ করে ইমাম প্রশিক্ষণ একাডেমীর কর্মকান্ডের প্রশংসা করেন এবং এ সব কর্মকান্ডে সকল প্রকার সাহায্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. ফজলুর রহমান, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক মুহাম্মদ আবুল খায়েব, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মুহাম্মদ সিরাজুল হক, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মার্কিন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি লুক জানার, দুতাবাসের পলিটিক্যাল অফিসার মোহাম্মদ আলী সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
