২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় শহিদুল ইসলাম এমপির ক্ষমা প্রার্থনা

কুষ্টিয়ার ক্ষমাতসীন দলের সাংসদ শহিদুল ইসলাম সাংবাদিকদের উপর হামলার কারণে ক্ষমা চেয়েছেন এবং এই ধরণের ঘটনার পূনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্র“তি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

কুষ্টিয়ায় সাংবাদিকদের উপর হামলা চালিয়ে সংবাদ পত্রের শিরোনামে আসা এই সাংসদ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সালিশ বৈঠকে কুষ্টিয়ার অপর দুই রাজনৈতিক সহযোগীকে নিয়ে হাজির হন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ক্ষমতাসীন দলের কুষ্টিয়ার সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমী এবং রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল হক, সাংবাদিক নেতা ইকবাল সোবাহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, আলতাফ মাহমুদ এবং ওমর ফারুক এ সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন। 

বৈঠক সূত্র জানায়, ক্ষমা প্রার্থনা করে শহিদুল ইসলাম বলেন, তিনি আর কখনোই সাংবাদিকের বিরুদ্ধে এমন আচরণ করবেন না।

তিনি এসময় সাংবাদিকদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা তুলে নেওয়া এবং সাংবাদিকদের আর কখনই হয়রাণি না করার আশ্বাস দেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর জানান, সমস্যাটির একটি সুষ্ঠু সমাধান হয়েছে। তিনি জানান জুডিশিয়ারি কমিশনের সুপারিশের পর এ সালিশ বৈঠকের আয়োজন করা হয়।