২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন ধর্মঘটী শিক্ষকরা

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঁচ লক্ষাধিক শিক্ষক -- কর্মচারি তাদের দাবি পূরণ না হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। চলমান ধর্মঘটের সপ্তম দিন বুধবার শিক্ষকরা এ হুমকি দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সরকার পর্যায়ক্রমে তাদের দাবি পূরণের প্রস্তাব দেওয়ার মাত্র একদিন পরই এ হুমকি দেওয়া হলো।

জাতীয় শিক্ষক ও কর্মচারী ফ্রন্ট (এনএফটিই)’র আহ্বায়ক কাজী ফারুক আহমেদ বিডিনিউজের সাথে আলাপকালে বলেন, শিক্ষকরা সম্পূর্ণভাবে ওই প্রস্তাব প্রত্যাখান করেছে, কারণ এই সরকারের হাতে আর মাত্র তিন মাস সময় রয়েছে।

এনএফটিই নেতৃবৃন্দ জানান, তারা ১৮ ও ২০ জুলাই দেশের সব থানা নির্বাহি কর্মকর্তা (টিএনও) এবং জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন। এরপরও দাবি পূরণ না হলে আন্দোলনরত শিক্ষকরা দেশ অচল করে দেবেন বলে জানান।

উল্লেখ্য বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারিরা তাদের আট দফা দাবি পূরণে দেশব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে।

এদিকে বাংলাদেশ কারিগরি মহাবিদ্যালয় শিক্ষক সমিতি (বিটিসিটিএ) তাদের ১২ দফা দাবী পূরণে বুধবার সকাল ১১ টায় নগরীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে এক সমাবেশ করে। আন্দোলনরত শিক্ষকদের তিনটি সংগঠন তাদের দাবিদাওয়ার সাথে সংহতি প্রকাশ করেছে।