২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের নীলনকশা অনুযায়ী সিইসি সিঁদ কেটে ভোট চুরির কলাকৌশল করছে : শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা খসড়া ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়ে বলেছেন, সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) বিএনপি জামাত জোটের নীল নকশা অনুযায়ী সিঁদ কেটে ভোট চুরির নানা কলাকৌশল করছেন। জনগণের ভোটের অধিকার নিয়ে তিনি বারবার খেলা খেলছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তিনি বলেন, জোটের ভোট চুরি করে আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র এবং ভোটার তালিকা নিয়ে যে তেলেসমাতি কারবার চলছে তা প্রতিহত করতে হবে।

দলের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে বুধবার ধানমন্ডির কার্যালয়ে রাজশাহী বিভাগের বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ভোটার তালিকায় নাম আছে কী না তা জানার অধিকার প্রত্যেকেরই রয়েছে। এটা গোপন কোনো বিষয় নয়। নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে না -- এটা হতে পারে না। তালিকায় প্রত্যেকের নাম দেখে নিয়ে নিশ্চিত হওয়ার জন্য সর্বস্তরের নাগরিকের প্রতি আহ্বান জানান তিনি।

সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনার সরকারি প্রক্রিয়ার সমালোচনা করে এর প্রকৃত রহস্য জানতে চেয়ে শেখ হাসিনা বলেন, একই সংবিধানে দুই বিধি থাকতে পারে ন। ৯০ দিনের মধ্যে শুণ্য আসনে উপনির্বাচনের বিধান থাকার পরেও সেখানে ১৮০ দিন করা হলে তা হবে সংবিধান লঙ্ঘন। আর সরকার এটা করলে জনগণ তা মেনে নেবে না। বার বার সংবিধান নিয়ে খেলা দেশের মানুষ বরদাশত করবে না।

শেখ হাসিনা বলেন, বিএনপি-- জামাত জোট দুঃশাসনে অতীষ্ঠ জনগণ আর ভোট দেবে না বলে ক্ষমতাসীনরা ভোট চুরির সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। ভোট চুরি প্রতিরোধ এবং প্রত্যেকের ভোট রক্ষার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি ।

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান জানা এবং সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে তৃণমূল নেতারা তাদের এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি এবং আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত চিত্র দলীয় প্রধানের কাছে তুলে ধরেন।

শেখ হাসিনা সরকারবিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য তৃণমূল নেতাদের পরামর্শ দেন। একই সঙ্গে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করারও নির্দেশ দেন।

তৃণমূল নেতাদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে শৃংখলা বজায় রাখতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে তাকে প্রতিহত করার জন্য সংশি¬ষ্ট এলাকার নেতাদের পরামর্শ দেন তিনি। 

মতবিনিময় অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।