২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবি দুর্নীতিবিষয়ে তাদের প্রতিবেদন প্রত্যাহার করবে না : অধ্যাপক মোজাফফর, আপডেট

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত তথ্য সম্বলিত প্রতিবেদনের ব্যাপারে সুদৃঢ় অবস্থান ব্যক্ত করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, ঘটনার সত্যতার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কাজেই এ রিপোর্ট প্রত্যাহার করা হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বুধবার জাতীয় প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে টিআইবি’র চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, সত্যতার ভিত্তিতে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা প্রত্যাহারের প্রশ্নই আসে না।

টিআইবির সম্প্রতি প্রকাশিত দুর্নীতিবিষয়ক এক প্রতিবেদনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে শীর্ষ দুর্নীতি খাত বলে চিহ্নিত করা হয়। প্রতিবেদনে সরকারের বিভিন্ন শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রীদেরও দুর্নীতির জন্য দায়ী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, প্রতিবেদনের কোনও অংশে সরকার যদি ভুল বের করতে পারে তাহলে তারা অবশ্যই প্রতিবেদনের সেই অংশটি প্রত্যাহার করবেন।

টিআইবি’র বিরুদ্ধে সরকার মামলা দায়ের করবে বলে যে হুমকি দিয়েছে সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে অধ্যাপক আহমদ বলেন, আগে মামলা দায়ের করা হয় কি না তা দেখব। এ ব্যাপারে আমরা আমাদের এটর্নির সাথে কথা বলব।

টিআইবি’র এ প্রতিবেদনকে সরকার ‘অসত্য, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে যে মন্তব্য করেছে তা অস্বীকার করে তিনি বলেন, আমরা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের দুর্নীতি তুলে ধরেছি। কোনও প্রতিষ্ঠান বা কোনও ব্যক্তিকে হেয় করার মতো হীন কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা সরকার বা দেশের ভাবমূর্তিও নষ্ট করতে চাইনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, যেহেতু একটি সভ্য দেশে এটি ঘটেছে, তাই সরকার এ ব্যাপারে তাদের সাথে আলোচনা করবে বলেই তার বিশ্বাস। প্রয়োজনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথেও আলোচনা করতে টিআইবি রাজি আছে বলে তিনি জানান।

জিয়াউর রহমানের ক্ষমতায় থাকাকালে সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা থাকার সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তা ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, আমি কখনও কোনও দুর্নীতির সাথে জড়িত ছিলাম না। জিয়া যখন রাজনৈতিক দল গঠন করেন তখনই আমি পদত্যাগ করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলের অপব্যবহারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। কাজ করতে না পেরে আমি বরাদ্দকৃত অর্থ ফেরত দিয়েছি। বিষয়টি আমি উপাধ্যক্ষকেও বলেছি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বক্তব্য উল্লেখ করে তিনি টিআইবি’র বিরুদ্ধে নয় বরং দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, টিআইবি সরকারের প্রতিপক্ষ নয়। কিন্তু দুঃখজনকভাবে ক্ষমতাসীন দল সবসময়ই আমাদের প্রতিপক্ষ মনে করেছে এবং প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের ট্রাস্টিদের ওপর তাদের ক্ষোভ ঝেড়েছে। দেশ ও জনগণের কল্যাণের জন্য সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে বৃহত্তর রাজনৈতিক প্রতিশ্র“তির কোনও বিকল্প নেই।

টিআইবি’র অর্থের উৎস সম্পর্কে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের ব্যাপারে অধ্যাপক মোজাফফর বলেন, তার প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইন মেনে চলে। আইনমন্ত্রী যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। এনরন ও ওয়ার্ল্ডকমের সাথে আমাদের কোনও সম্পর্ক নেই।

টিআইবি’র সাবেক চেয়ারম্যান খান সারোয়ার মুর্শিদ এবং ট্রাস্টি হাফিজউদ্দিন আহমেদ ও রুবি গজনভী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।