২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বাস -- ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৩২ জনে উন্নীত, আহত ৪০, ১ম লিড

জয়পুরহাটের আক্কেলপুর থানার মহিলা কলেজ রেলক্রসিংয়ে মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি বাসের সাথে চলন্ত একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা ৩২ জনে নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত ৪০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ২০ জনের বেশী বলে স্বীকার করলেও হতাহতদের নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার পর রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং চার ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে আবারো তা চালু হয়। ঢাকা ও রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

প্রত্যক্ষদর্শী, রেলওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা খেয়া পরিবহন নামে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সৈয়দপুর থেকে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের প্রচণ্ড ধ্বাক্কায় বাসটি দুমড়ে-- মুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২২ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো ১০ জন মারা যায়।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারি গ্রামের রেজাউল ইসলাম (৪৫), একই গ্রামের সাইদুল ইসলাম (৪৮), একই  উপজেলার কুডুম্বা গ্রামের বেলাল হোসেন, শান্তা গ্রামের মাহিদুল ইসলাম (৩০), পশ্চিম আক্কেলপুরের আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ খান ভাসানী, একই গ্রামের ভদর সরদার,  ভাষানপাড়া গ্রামের শাহিনুর (২৬), মোফাজ্জল হোসেন, হোসেন নগর গ্রামের মতিউর রহমান, চেয়ারম্যান পাড়া গ্রামের মোশাররফ হোসেনর স্ত্রী মজিদা বেগম (৪৫), ভিগনি গ্রামের মোফাজ্জল, আক্কেলপুরের খলিলুর রহমানের ছেলে আলাল হোসেন, জয়পুরহাট গ্রামীণ ব্যাংক কর্মকর্তা শরিফুল (৪০), আক্কেলপুরের জাফরপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে মকবুল হোসেন, গনিপুর গ্রামের আলতাব হোসেন (৫৫) ও চুকাইবাড়ি গ্রামের মকবুল হোসেন।

বাসটি নওগাঁ জেলার সান্তাহার হয়ে জয়পুরহাটে আসছিল। অবৈধ রেলক্রসিং এ রেলগেট, গেটম্যান ও সিগনাল না থাকায় ওই দুর্ঘটনা ঘটে।

ঢাকায় রেলওয়ের পরিচালক সফিকুল আলম খান বিডিনিউজকে জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস - ৭২৮ ট্রেনটি আক্কেলপুরে অননুমোদিত রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে যাত্রীবাহী বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের চিফ ট্রাফিক ম্যানেজারের (পশ্চিম) নেতৃত্বে চার সদস্যর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে অবিলম্বে তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

জয়পুরহাট পুলিশের বরাত দিয়ে তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাসটির চালক কায়কোবাদ জানিয়েছে, বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিলো। অননুমোদিত রেলক্রসিং এ কোনো সিগনাল না থাকায় এবং অতিরিক্ত যাত্রীর কারণে তিনি ট্রেনটির গতি--প্রকৃতি বুঝতে পারেননি। ফলে ওই দুর্ঘটনা ঘটে।