২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় অপহরণের ৬ দিনেও উদ্ধার হয়নি ৪ মাসের শিশু রোমান

রাজধানীর উত্তরায় অপহরণের ছয় দিনেও রোমান নামে চার মাসের অপহৃত এক শিশুকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

জানা গেছে, শামীমা আক্তার পুষ্প (২২) নামে এক তরুণী ভূয়া পরিচয় দিয়ে গত ৭ জুলাই নানীর কাছ থেকে শিশু রোমানকে নিয়ে যায়। পুষ্প নিজেকে রোমানের মা নুরুন্নাহারের বান্ধবী বলে পরিচয় দেয়। এরপর থেকে রোমানকে আর খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শিশু রোমানের বাবা-মা উভয়ই উত্তরা ১৪ নং সেক্টরের গুড গাইজ গার্মেন্টসে চাকরি করেন এবং ঘটনার দিন তারা বাসায় ছিলেন না। সন্তানকে হারিয়ে বাবা-মা দুজনই এখন পাগলপ্রায়।

এ ব্যাপারে শিশু রোমানের বাবা রিপন মিয়া বাদি হয়ে উত্তরা থানায় একটি মামলা (মামলা নং-৬০২) দায়ের করেছেন।

তিনি তার অভিযোগে বলেন, পুষ্প ও তার স্বামী কামাল কসাই পাচারকারী দলের সদস্য। পুষ্পের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কালিয়া গ্রামে। তার বাবার নাম আবুল কালাম।

উত্তরা থানার এসআই আবুল হাশেম ও আব্বাস উদ্দিন জানান, গত কয়েকদিনে তারা উত্তরা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। কিন্তু শিশুটির খোঁজ মেলেনি। তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

জানা গেছে, এক শ্রেণীর শিশু পাচারকারী দল উত্তরার ফায়দাবাদ, চালাবন, বড়বাড়ি গ্রামসহ বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। তারা বাসা ভাড়া নিয়ে আত্মীয় পরিচয়ে সম্পর্ক গড়ে তুলে এবং কৌশলে শিশুদের অপহরণ করে নিয়ে যায়। গত দেড় বছরে উত্তরা এলাকা থেকে দুই স্কুল ছাত্রী ও শিশু রোমানসহ কমপক্ষে ১০ শিশু অপহৃত হয়েছে বলে জানা গেছে।