শহুরে গ্রাহকদের জন্যে ৫ শতাংশ বিদ্যুৎ শুল্ক বাড়াবে সরকার
শহর এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের জন্যে পাঁচ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তবে এ সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে তা এখনো নির্ধারন হয় নি।
বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার সোমবার একটি সেমিনারে বলেন, গ্রাম এলাকার গ্রাহকদের সাথে যৌক্তিক সামঞ্জস্য আনতে আমাদের শহর এলাকায় গ্রাহকদের জন্যে বিদ্যুৎ শুল্ক বাড়াতে হবে। গ্রাম এলাকায় গ্রাহকরা শহরের তুলনায় বেশি হারে বিদ্যুৎ শুল্ক দিচ্ছেন।
তিনি বলেন, এছাড়াও বিদ্যুৎ খাতে সরকার বিপুল পরিমান লোকসান দিচ্ছে, যা কমাতে এ সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট বিভাগ ইতোমধ্যেই পাঁচ শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছে। বর্তমানে শহরের গ্রাহকদের জন্যে এ শুল্কের হার ২৭ শতাংশ।
বিদ্যুৎ ব্যবহারে কার্যকর উন্নয়ন শীর্ষক সেমিনারটির আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বিদ্যুৎ শুল্ক বৃদ্ধি প্রসঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সভাপতি মীর নাসির হোসেন বলেন, সরকারের উচিত হবে শিল্প খাতের জন্যে অপেক্ষাকৃত কম হারে বিদ্যুৎ শুল্ক বাড়ানো। ইতোমধ্যেই এ খাত বর্ধিত হারে বিদ্যুৎ শুল্ক প্রদান করে আসছে।
বিশ্বব্যাংক অনেক দিন ধরেই বিদ্যুৎ উৎপাদন, বন্টন ও সরবরাহ কাজে অব্যহত লোকসান কাটিয়ে উঠতে এ খাতে শুল্ক ৩০ শতাংশে উন্নীত করার জন্যে সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছে।
তবে পিডিবি সূত্র জানায়, যাদের মাসিক বিদ্যুৎ ব্যবহারের পরিমান ১০০ কিলোওয়াটের কম তাদের জন্যে এ বর্ধিত শুল্ক হার কার্যকর হবে না।
সরকার সর্বশেষ বিদ্যুৎ শুল্ক বাড়ায় ২০০৩ সালের সেপ্টেম্বরে। দেশে বর্তমানে ৭০ লাখ বিদ্যুৎ গ্রাহক রয়েছে।
