২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয়তা ও পাগলামোর মধ্যে দিয়ে শেষ হল জিদানের ক্যারিয়ার

নাটকীয়তার মধ্যে দিয়ে ফরাসি প্লেমেকার জিনেদিন জিদানের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের অবসান হল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 10:28 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

আলজেরীয় বংশোদ্ভূত ফ্রেঞ্চ মিডফিল্ডার জিদান বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন। তবে এরপর তিনি আর মেজাজ ঠিক রাখতে পারেননি। বিনা উস্কানিতে ইটালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে আঘাত করেন জিদান।

ঘটনাটি প্রথমে আর্জেন্টাইন রেফারি হোরাসিও এলিজোন্দার নজর এড়িয়ে গেলেও পরে লাইন্সম্যানের সাথে আলোচনা করে নির্দ্বিধায় জিদানকে লাল--কার্ড দেখান। এই ঘটনার কারণে গৌরবময় পেশাদার ফুটবল ক্যারিয়ারের অধিকারী জিদানের আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে অবসরটা খুবই দুঃখজনক হল।

ইটালি ও ফ্রান্সের মধ্যেকার ২০০৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটির ফলাফল নির্ধারিত সময়ে ১ - ১ গোল ব্যবধানে থাকার পর অতিরিক্ত সময়েও ম্যাচের ফলাফল একই থাকে। জিদানকে ছাড়া টাইব্রেকারে নেমে ফ্রান্স ৫ - ৩ ব্যবধানে আজ্জুরিদের কাছে ধরাশায়ী হয়।

এ পর্যন্ত বিশ্বকাপ আসরের ফাইনাল ম্যাচের ইতিহাসে চতুর্থবার খেলোয়াড়কে লাল--কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। তবে ৩৪ বছর বয়সী ফিফা’র তিনবারের বর্ষসেরা ফুটবলার জিদানের মত বিশ্বকাপ ফাইনাল এবং ক্যারিয়ারের শেষ ম্যাচে আর কেউ লাল-কার্ড পায়নি।