২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় শহীদ ডা. মিলন হত্যা মামলার আসামী জুয়েল খুন

স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডা. মিলন হত্যা মামলার অন্যতম আসামি, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ত্রাস খান এ. মির্জা মাসুদ জুয়েল খুন হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

পুলিশ এবং নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত ১২ টার দিকে তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের দুলালী নামক স্থানে ওত পেতে থাকা অজ্ঞাত পরিচয়ের প্রতিপক্ষরা পর পর ছয় রাউন্ড গুলি করে জুয়েলকে খুন করে। পরে সন্ত্রাসীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। জুয়েল তার মাছের ঘের থেকে বাড়ি ফিরছিলেন।

এ ঘটনায় পুলিশ বিকাশ সরকার, মঙ্গল চন্দ্র ও রমেন কুন্ডুসহ কয়েকজনকে আটক করেছে।

সাতক্ষীরার পুলিশ সুপার ফজলুর রহমান বিডিনিউজকে জানান, জুয়েল হত্যার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি।

তবে একাধিক সূত্র মতে, সম্প্রতি চরমপন্থী নেতা শ্যামল সরকার র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার পেছনে জুয়েলের হাত ছিলো। এছাড়া ১৯৯৫ সালে খালিশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জুয়েলের পিতা  মোক্তার খান খুন হন। এ হত্যার দুবছর পর হত্যা মামলার প্রধান আসামীও পাল্টা খুন হয়। ধারণা করা হচ্ছে, এ সব খুন, পাল্টা খুনের জের ধরে জুয়েল খুন হতে পারে।