২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভারী বর্ষণ ও পাহাড় ধ্বস: সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পার্বত জেলা বান্দরবানে চার দিনের টানা ভারী বর্ষণ এবং পাহাড় ধ্বসের কারণে জেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

প্রশাসন সূত্র জানায়, বান্দরবান --  কেরানীহাট সড়কে পানি উঠে যাওয়ায় দুদিন ধরে যানবাহন চলছে না। জেলার নিুাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৪০০ বাড়িঘর পানিতে তলিয়ে গেছে; জলবন্দী হয়ে পড়েছে দু সহস্রাধিক মানুষ।

এছাড়া জেলার টেলিযোগাযোগ ব্যবস্থা এখন ভেঙে পড়ার উপক্রম; স্থানীয় শঙ্খ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানিও অস্বাভাবিক হারে বাড়ছে।

বান্দরবানে বৃহস্পতিবার থেকে বর্ষণ শুরু হলেও শুক্রবার বিকাল থেকে ভারী বর্ষণ শুরু হয়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শঙ্খ নদীর অব্যহত ভাঙনে ক্যাচিংঘাটার বিদ্যুত সাব স্টেশন এবং পাহাড় ধ্বসের কারণে পর্যটন কেন্দ্র ‘নীলাচল’ এখন হুমকির মুখে।

বিদ্যুৎ বিভাগ জানায়, শঙ্খ নদীর তীরে অবস্থিত সাব স্টেশনটির পিছনের দিকে কিছু অংশের মাটি সরে যাওয়ায় এটি হুমকির মুখে রয়েছে। তবে তারা চেষ্টা করছে ভাঙন রোধ করার।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, চিম্বুক, জীবননগর, ওয়াই জংশন, আমতলী, সুয়ালক, হাফেজ  ঘোনা, কালাঘাটা, বাঘ মারা, খানসামা পাড়া, রুমা, রোয়াং ছড়ি এলাকায় পাহাড় ধ্বসের ঘটনায় শতাধিক বসত ঘর ভেঙে মাটির সাথে মিশে গেছে।

ভারী বর্ষণের কারণে জেলার স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে স্থবির। লোকজন ঘর থেকে বের হতে পারছে না। রোববার সাপ্তাহিক হাটবারেও জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র বান্দরবান বাজারে লোকজন আসতে পারেনি।