কুড়িগ্রাম এবং লালমনিরহাটে প্রবল বর্ষণে বন্যা দেখা গিয়েছে: ২টি গ্রাম নদী গর্ভে বিলীন ও ২০টি প্লাবিত
কুড়িগ্রাম এবং লালমনিরহাটে প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে। নদী ভাঙ্গনের কারণে দ’ুটি গ্রাম বিলীন এবং বন্যার পানিতে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
বিডিনিউজের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, প্রবল বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা ঢলে ধরলা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি হওয়ায় বন্যা দেখা দিয়েছে। ধরলার তীরবর্তী চরসহ প্রায় ২০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার মানুষ।
ধরলার পানির প্রবল স্রোতের কারণে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ী এলাকায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচ ফুট ভেঙ্গে ভেসে গেছে। বাঁধের ভাঙ্গা জায়গা দিয়ে পানি এসে তিনটি গ্রাম তলিয়ে গেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার ধরলা নদীর পানি বিপদ সীমার মাত্র ১৯ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বহ্ম্রপুত্রের চিলমারী, তিস্তার কাউনিয়া এবং দুধকুমারের নুনখাওয়া পয়েন্টে পানি বেড়েছে।
ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, চর বড়াইবাড়ী এলাকার বাঁধটি ভেঙ্গে যাওয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও পাটেশ্বরী রেগুলেটর মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
বিডিনিউজের লালমনিরহাট প্রতিনিধি জানান, গত দু’দিনের প্রবল বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে লালমনিরহাটেও বন্যা দেখা দিয়েছে এবং নদী ভাঙ্গনে দুইটি গ্রাম বিলীন হয়ে গেছে।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে ধরলা নদীর ভাগন তীব্র আকার ধারণ করেছে। লালমরিনহাট সদর উপজেলার ইউএনও জাহাঙ্গীর আলম এবং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান এলাকাটি পরিদর্শনে করেন।
বন্যার্ত মানুষ বাড়ি-ঘর হারিয়ে খোলা আকাশের নিচে, সরকারী রাস্তা, ওয়াপদা ও পরিত্যক্ত রেল স্টেশনে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। মোগলহাটবাসী ধরলার ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
