ফার্নেস অয়েলের দাম কমানোর দাবি
ফার্নেস অয়েল ব্যবহারকারী শিল্প মালিকদের সংগঠন ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার, গ্যাস ও ফার্নেস অয়েল কনজুমার্স এসোসিয়েশন ফার্নেস অয়েলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত— বাতিলের দাবি জানিয়েছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, ফার্নেস অয়েলের মূল্য প্রতি লিটারে এক লাফে ৬ টাকা বাড়ানোর ফলে এই জ্বালানি নির্ভর শিল্প প্রতিষ্ঠানের বেশিরভাগই এখন হুমকির মুখে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক শিল্প - কারখানা বন্ধ হতে বসেছে।
তারা এ খাতকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি হাসান সালাম। এ সময় এসোসিয়েশনের সহ সভাপতি আলহাজ্ব লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং উপদেষ্টা কমিটির সদস্য মোজাম্মেল হক ও সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
তারা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে ফার্নেস অয়েলের উপর নির্ভর করে টেক্সটাইল, পাল্প এন্ড পেপার মিল, এক্সেসরিজ, ডাইং, ওয়াশিং প্ল্যান্ট, ওষুধ, কেমিক্যাল, কৃষিভিত্তিক শিল্প, এ্যালুমিনিয়াম, ফিনিশিং ও পেপার বক্সসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। এসব শিল্প থেকে সরকার ভ্যাট ও ট্যাক্স হিসাবে ৭০০ কোটি টাকা আয় করছে। এজন্য ওই ভ্যাট ও ট্যাক্সের মাত্র ১৫ শতাংশ অর্থাৎ ১০০ কোটি টাকা প্রদান করা হলেই ফার্নেস অয়েল প্রতি লিটার ৭/৮ টাকা দরে সরবরাহ করা সম্ভব হবে। এতে শিল্প প্রতিষ্ঠানগুলোও বাঁচবে।
গত ২৬ জুন ফার্নেস অয়েলের দাম ১৪ টাকা থেকে বাড়িয়ে লিটার প্রতি ২০ টাকা করা হয়েছে।
এসোসিয়েশন কর্মকর্তারা জানান, প্রায় ৬,৫০০ ছোট - বড় শিল্প জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল ব্যবহার করে। এসব শিল্পে কর্মরত শ্রমিক - কর্মচারীর সংখ্যা প্রায় ১৮ লাখ। ফার্নেস অয়েল নির্ভর শিল্পে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১০,০০০ কোটি টাকা। যার মধ্যে রয়েছে প্রায় ৫,৫০০ কোটি টাকার ব্যাংক ঋণ।
তারা আরো জানান, ফার্নেস অয়েল নির্ভর শিল্প থেকে বছরে বিদেশে ৩,০০০ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়। আর ৬,০০০ কোটি টাকার পণ্য মেটায় অভ্যন্তরীণ চাহিদা।
