অসাধারণ আয়োজনের আশ্বাস দিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সেরা আয়োজনটি হবে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায়। দেশটির প্রেসিডেন্ট থাবো এমবেকি শুক্রবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা বলেছি ২০১০ সালে সবচেয়ে সফল ফিফা ওয়ার্ল্ড কাপ এর আয়োজন আমরা করবো এবং এই প্রতিশ্র“তি আমরা রাখবো’। তিনি বলেন, ‘ফুটবল হচ্ছে আশার খেলা। একটি ভালো পৃথিবীর আশা। এটি পৃথিবীর সবাইকে স্পর্শ করবে এবং একটি সুন্দর ভবিষ্যত গড়তে সাহায্য করবে’।
জাতিসংঘ মহাসচিব কফি আনান এবং ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের উপস্থিতিতে জার্মানীর রাজধানী বার্লিনে আয়োজিত ২০১০ সালের বিশ্বকাপের লোগো উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি স্থান থেকে এসেছি যেখানে ফুটবল কেবলমাত্র একটি খেলাই নয়, গভীর ভালবাসারও বিষয়’।
থমো এমবেকি বলেন, ‘আফ্রিকা বিশ্বকাপের জন্য প্রস্তুত। এবার আফ্রিকার সময় এসেছে। আফ্রিকা সবাইকে ডাকছে’। ২০১০ সালে তিনি সবাইকে আফ্রিকায় আসার আমন্ত্রণ জানান।
ব্লাটার বলেন, ‘সামাজিক দায়িত্ব এবং মানব উন্নয়নে খেলাধুলার বিশাল ভূমিকা আছে। আমি আফ্রিকাকে নিয়ে আশাবাদী। পুরো ফিফা পরিবার তথা পুরো বিশ্বই আশাবাদী। আমরা বিশ্বাস করি তারা একটি সফল আয়োজন করবে’।
