হবিগঞ্জ, মৌলভীবাজার ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২২, আহত ৩০ (১ম লিড)
হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ঝিনাইদহে শুক্রবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়úুরে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১২ জন।
বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, বাহুবল উপজেলার জয়পুরে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী গালফ এয়ারের একটি যাত্রীবাহী কোচের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বরযাত্রীবাহী কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বরযাত্রীবাহী মাইক্রোবাসের ১১ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে অপর একজন মারা যান।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিডিনিউজ সিলেট প্রতিনিধি জানান, ঢাকা - সিলেট মহাসড়কে সিলেটের লাল বাজারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়।
নিহতদের পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিক্সা চালকসহ দুজন নিহত এবং চারজন আহত হয়। জেলার শমশেরনগর এয়ারপোর্টের কাছে একটি রেল ক্রসিংয়ে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে আসা জালালাবাদ এক্সপ্রেস একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
নিহতরা হলেন, অটোরিক্সা চালক আমজাদ হোসেন (৫০) ও নবীজান বিবি (৪০)।
আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার কালীগঞ্জ থানার তত্ত্বিপুরে শুক্রবার ইট বোঝাই একটি ট্রাক উল্টে কমপক্ষে চার শ্রমিক নিহত ও আরো ১০ জন আহত হয়।
নিহতরা হলেন- সুজন (২২), রুহুল আমিন (২৫), বাবু (২৩) ও শহীদুল (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তত্ত্বিপুর ইটভাটা থেকে কালীগঞ্জ থানা সদরের দিকে আসার পথে ট্রাকটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত ১০ জনকে কালীগঞ্জ ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, একই দিন ভোরে ঢাকা - চৌগাছা রুটের চিত্রা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহ শহরের আরাপপুরে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ১০ জন আহত হয়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে হেলপার জামালউদ্দিন ও যাত্রী নূরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জামাল মারা যায়। নিহত জামাল চৌগাছার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা।
