কেরানীগঞ্জে যুবলীগের কর্মী সভায় পুলিশি হামলা
কেরানীগঞ্জে বলপূর্তা প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বেলা ৩টার দিকে ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশে পুলিশি হামলায় সাতজন আহত হয়েছে। এসময় পুলিশ সভামঞ্চ গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সভাস্থল থেকে জোরপূর্বক ছয়টি মাইক খুলে নিয়ে যায়।
যুবলীগ নেতাকর্মীরা জানান, সাকর্তা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বলপূর্তা মাঠে কর্মী সভার আয়োজন করা হয়। সভা চলাকালে পাশ্ববর্তী জিনজিরায় বিএনপির সমাবেশ চলছে কারণ দেখিয়ে পুলিশ যুবলীগের কর্মী সমাবেশে হামলা চালায়। যুবলীগ কর্মীরা পুলিশকে বাধা দিলে পুলিশ সভামঞ্চ ভাংচুর চালায় ও নেতাকর্মীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে।
এতে যুবলীগ কর্মী ফাহিম, নবী হোসেন, জয়নাল আবেদীন, শাহিন, জিয়া, আরমান ও ফজর আলী গুরুতর আহত হন।
