২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন ও ভূমি রক্ষায় পাহাড়ে শিগগিরই ঐতিহাসিক লং মার্চ

পার্বত্য চট্টগ্রামের বন, ভূমি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আদিবাসী পাহাড়ি মানুষ এবার এক ঐতিহাসিক কর্মসূচি পালন করতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বর্ষিয়ান পাহাড়ি ব্যক্তিত্ব , রাজনৈতিক নেতা ও পরিবেশবিদরা শিগগিরই সর্বস্তরের জনতার অংশগ্রহণে তিন পার্বত্য জেলায় মহাসমারোহে লং মার্চ পালন করবেন বলে জানা গেছে।

লং মার্চের উদ্যোক্তারা বলছেন, পরিবেশ তথা প্রাকৃতিক সম্পদ রক্ষায় এই লং মার্চটি হবে একটি ঐতিহাসিক কর্মসূচি। পার্বত্য জেলা বান্দরবান থেকে শুরু করে রাঙামাটি হয়ে লং মার্চ আরেক পার্বত্য জেলা খাগড়াছড়িতে গিয়ে শেষ হবে। জনসচেতনতা সৃষ্টি ও জনমত গঠনই এই কর্মসূচি পালনের মুখ্য উদ্দেশ্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটাতে উদ্যোক্তা সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ জাতীয় আন্দোলন’ এরই মধ্যে গণযোগাযোগ শুরু করেছে। পাহাড়ে তো বটেই, পার্বত্যাঞ্চলের বাইরেও এ কর্মসূচির সমর্থনে প্রচুর সাড়া মিলেছে। এখন কর্মসূচিটি বি¯তৃত আকারে সফল করার জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ওয়াকিবহাল পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয়  ওরফে সন্তু লারমা বিডিনিউজকে বলেন, পাহাড়ের পরিবেশ, ভূমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অনুষ্ঠেয় লং মার্চের মূল লক্ষ্য ব্যাপক জনসচেতনতা সৃষ্টি। তবে এ কর্মসূচি সফল করতে ব্যাপকসংখ্যক রাজনৈতিক ও সামাজিক সমর্থন দরকার; প্রয়োজন বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

বন ও ভূমি অধিকার সংরক্ষণ জাতীয় আন্দোলন এর সভাপতি গৌতম দেওয়ান বিডিনিউজকে বলেন, যুগের পর যুগ চোখের সামনে পাহাড়ের বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ উজাড় হয়ে যাচ্ছে। বেদখল করা হচ্ছে আদিবাসী পাহাড়িদের ভূমি। প্রশাসনের নাকের ডগাতেই এসব ঘটনা ঘটলেও তারা নির্বিকার।  বেআইনীভাবে একের পর এক বন্দোবস্ত দেওয়া হচ্ছে, অধিগ্রহণ করা হচ্ছে হাজার হাজার একর জমি।

তিনি বলেন, এসবেরই প্রতিবাদেই এই লংমার্চের আয়োজন। আমরা তো অন্যের অধিকার কেড়ে নিতে চাচ্ছি না। আমরা শুধু ভূমি ও বনজ সম্পদের ওপর আমাদের আইনী ও ঐতিহ্যগত অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চলে অবস্থিত পার্বত্য চট্টগ্রামের মোট আয়তন ৫ হাজার ৯৩ বর্গমাইল। সেখানে পাহাড়ি বাঙালি মিলিয়ে এখন আনুমানিক জনসংখ্যা প্রায় ১৫ লাখ। এরমধ্যে বাঙালির সংখ্যাই বেশী।