২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিডিআর--বিএসএফ ব্যাপক গোলাগুলি, তীব্র উত্তেজনা

সাতক্ষীরার কোমরপুর ও ভাতশালা সীমান্তে বৃহস্পতিবার বিডিআর ও বিএসএফ’র মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের গুলি বর্ষণে বাংলাদেশী এক ছাত্রীসহ কমপক্ষে চারজন আহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

অসমর্থিত বেশ কয়েকটি সূত্র অনুযায়ী গুলিবিদ্ধ হয়ে অপর আহতদের মধ্যে রয়েছে, দেবহাটা উপজেলার সেকেন্ডা গ্রামের হাসান নামে একজন এবং বিএসএফ’র দু সদস্য ।

বিডিআর সূত্র জানায়, উভয় পক্ষের মধ্যে প্রায় দুহাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে।

বিডিআর’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মাহফুজুল হক বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিনা উষ্কানিতে গুলিবর্ষণের ঘটনায় বিডিআর’র পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী ইছামতি নদী সাঁতরিয়ে আসার সময় বিএসএফ বাংলাদেশী জলসীমা অতিক্রম করে তাদের ওপর প্রথমে পাঁচ রাউন্ড গুলি করে। এসময় বিডিআর গুলির শব্দ শুনে কয়েক রাউন্ড গুলি চালায়।

এরপর উভয়পক্ষের মধ্যে দফায় দফায় গুলি বর্ষণ শুরু হয়। স্থানীয় লোকজনসহ বেশ ক’টি সূত্র জানায়, এ সময় দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল হকের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী হালিমা খাতুন, উপজেলার সেকেন্ডা গ্রামের হাসান এবং বিএসএফ’র দু সদস্যগুলিবিদ্ধ হয়।

ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত গোলাগুলি চলতে থাকে।

এ ব্যাপারে সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক কর্নেল আসাওয়াদুর রহমান জানান, বিএসএফ বিনা উস্কানিতে গুলি বর্ষণ শুরু করে। বিএসএফ’র সহস্রাধিক রাউন্ড গুলির জবাবে বিডিআর মাত্র চারশ’ রাউন্ড গুলি ছোঁড়ে।

বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কিশোরী আহত হওয়ার ঘটনাও তিনি স্বীকার করেন।

বর্তমানে সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সীমান্তবর্তী লোকজন বাড়িঘর ফেলে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। বিডিআর সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে।