২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টগার্ড ও জলদস্যুদের ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ; সুন্দরবনের কামাল ও সুমন বাহিনীর ২ জনের মৃত্যুর সংবাদ

বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যদের সাথে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় নারকেলবাড়িয়া এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকাতদল তাদের ট্রলার ফেলে নিহতদের লাশ নিয়ে সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কোস্টগার্ড বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সুন্দরবনের কামাল ও সুমন বাহিনীর সাথে কোস্টগার্ডের এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে কোস্টগার্ড জলদস্যুদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জের অধীন সুন্দরবনের নারকেলবাড়িয়া এলাকায় ১২--১৪ জনের একদল জলদস্যু কোস্টগার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণ করে। কোস্টগার্ডও পাল্টা গুলি ছোঁড়ে। ঘন্টাব্যাপী গুলি বিনিময়কালে কোস্টগার্ড ১১৩ রাউন্ড এবং জলদস্যুরা তিন শতাধিক রাউণ্ড গুলি ছোঁড়ে।

তিনি জানান, সংঘর্ষ শেষে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে আছে জলদস্যুদের বহনকারী একটি ট্রলার, থ্রি নট থ্রি রাইফেলের একটি বোল্ট, ৩১ রাউন্ড বিভিন্ন গুলির খোসা, তিনটি রাম দা ও এবং তিনটি টর্চলাইট।